আখের মূল্যবৃদ্ধি, সীমিত সময়ের জন্য পাওয়ার ক্রাশারে আখ মাড়াইয়ের সুযোগ প্রদান, মোবাইল ব্যাংক থেকে কমিশন দিয়ে আখের মূল্য পরিশোধের পদ্ধতি বাতিলসহ ছয় দফা দাবিতে নাটোর চিনিকল ও নর্থবেঙ্গল সুগার মিলে আখ সরবরাহ বন্ধ রাখার জন্য তিন দিনের ধর্মঘটের ডাক দিয়েছে আখ চাষী সমিতি। নাটোর চিনিকল আখ চাষী সমিতি ও নর্থবেঙ্গল সুগার মিল আখ চাষী সমিতি যৌথভাবে গতকাল বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত এ ধর্মঘটের ডাক দেয়।
নর্থবেঙ্গল সুগার মিল আখ চাষী সমিতির সভাপতি ইব্রাহীম খলিল ও নাটোর চিনিকল আখ চাষী সমিতির সভাপতি আবদুল করিম জানান, সম্প্রতি ছয়টি দাবি শিল্প মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে লিখিতভাবে জানানো হয়েছে। দাবিদাওয়া না মানায় পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। তিনি আরও বলেন মিলের নির্ধারিত মূল্যে সারা বছর ডিলাররা চিনি সরবরাহ পেলেও আখচাষিরা এ সুযোগ পান না।