ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতি ও সিঅ্যান্ডএফ এজেন্ট সমিতির ডাকা ধর্মঘটে গতকাল বুধবার তৃতীয় দিনের মতো বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকে। ঢাকা থেকে ভারতের আগরতলা পর্যন্ত আন্তর্জাতিক সড়কের আখাউড়া অংশের ১৬ কিলোমিটার সড়ক যানচলাচলের উপযোগী করার দাবিতে গত সোমবার থেকে এ ধর্মঘট চলছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, সড়কটি এখন মোটামুটি উপযোগী। ব্যবসায়ীরা ইচ্ছে করলে পণ্যবাহী ট্রাক নিয়ে যেতে পারেন। তবে আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি শফিকুল ইসলাম অভিযোগ করেন, সওজ যা বলছে তা ঠিক নয়। আমাদের কারও কাছে সওজের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। এদিকে, সওজের অপর একটি সূত্র জানায়, আখাউড়া-সুলতানপুর সড়কটি পণ্যবাহী ট্রাক চলাচলের বিকল্প সড়ক হিসেবে ব্যবহার করা যেতে পারে। তবে সওজের এই প্রস্তাবের বিরোধিতা করে আখাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ বোরহান উদ্দিন বলেন, ‘আখাউড়া-সুলতানপুর সড়কের অবস্থাও ভালো নয়। পণ্যবাহী ট্রাক চলাচল করলে এই সড়কও শেষ হয়ে যাবে।’ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক আবদুল মান্নান জানান, আজ বৃহস্পতিবার তিনি আখাউড়া গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আবারও আলোচনায় বসবেন।