জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে যৌথভাবে সর্বাত্মক ধর্মঘট চলছে। ধর্মঘটের কারণে বিভিন্ন বিভাগের চূড়ান্ত পরীক্ষা স্থগিত করা হয়েছে।
গতকাল শনিবার সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সমেঞ্চলনে শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষক ফোরাম জানায়, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।
এদিকে উপাচার্য আনোয়ার হোসেন গতকাল রাতে প্রথম আলোকে বলেন, আজ রোববার তিনি শিক্ষকদের এই অবৈধ আন্দোলন সম্পর্কে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে লিখিত অভিযোগ করবেন।
সংবাদ সমেঞ্চলনে উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শরীফ উদ্দিন, ফোরামের আহ্বায়ক অধ্যাপক মুহমঞ্চদ হানিফ আলী এবং সদস্যসচিব অধ্যাপক মুহামঞ্চদ কামরুল আহসানসহ অন্য শিক্ষকেরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে সাত মাস ধরে আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে। এই দীর্ঘ সময়ে কখনো শিক্ষক সমিতি আবার কখনো সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে একাধিকবার কর্মবিরতি এবং ধর্মঘট পালন করেছেন আন্দোলনকারী শিক্ষকেরা। বছরের শেষ সময়ে এসে বিভিন্ন বিভাগে চূড়ান্ত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। এ অবস্থায় আবার সর্বাত্মক ধর্মঘটের কারণে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের কল্যাণে এই সাময়িক ক্ষতিটুকু আমাদের মেনে নেওয়া ছাড়া উপায় নেই।’
সকালে ঢাকা থেকে কয়েকটি বাসে শিক্ষক ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে এসেছেন। দুপুরে ক্যাম্পাস থেকে প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এবং শিক্ষকদের জন্য কয়েকটি বাস ছেড়ে গেলেও অন্য কোনো বাস চলাচল করতে দেননি আন্দোলনকারী শিক্ষকেরা।
এদিকে গত শুক্রবার উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, শনিবারের মধ্যে শিক্ষকেরা আন্দোলন স্থগিত না করলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ এবং চাকরিবিধি অনুযায়ী বিশ্ববিদ্যালয় সচল রাখার জন্য সব ব্যবস্থা নেওয়া হবে। গতকাল রাতে তিনি প্রথম আলোকে বলেন, আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির কাছে লিখিত অভিযোগ করবেন। উপাচার্য প্রথম থেকেই শিক্ষকদের এই আন্দোলনকে অবৈধ বলে আসছেন।
গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, গত বছর ১ ও ২ আগস্টের সন্ত্রাসী হামলার বিচার না হওয়াসহ ১৬টি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবিতে প্রথমে শিক্ষক সমিতি এবং পরে সাধারণ শিক্ষক ফোরামের ব্যানারে সাত মাস ধরে আন্দোলন চলছে বিশ্ববিদ্যালয়ে।