ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার এবং শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল মঙ্গলবার ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
গত ৩১ মার্চ মৎস্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র ছাত্রলীগের নেতা সায়াদ ইবনে মোমতাজকে একই দলের কয়েকজন নেতা আশরাফুল হক হলের একটি কক্ষে ডেকে নিয়ে পেটান। ১ এপ্রিল বেলা ১১টার দিকে সায়াদ ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান। এর পর থেকে প্রায় এক মাস ধরে শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে।
গতকাল সকাল সাড়ে আটটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে সমবেত হন। কোনো অনুষদে ক্লাস-পরীক্ষা হলে তা বন্ধ করার ঘোষণা দেন তাঁরা। সকাল নয়টার দিকে পশুপালন অনুষদে তৃতীয় বর্ষের ক্লাস হওয়ার খবর শুনে শিক্ষার্থীরা সেখানে যান এবং ওই অনুষদের পেছনের ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে চলে যান। এ সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অনুষদ ভবনের ভেতরে অবরুদ্ধ হন। পরে প্রক্টরিয়াল বডির নির্দেশে তালা ভেঙে তাঁদের অবমুক্ত করেন নিরাপত্তাকর্মীরা। বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা পুনয়ায় প্রশাসন ভবনের সামনে আসেন।
এরপর ভেটেরিনারি অনুষদে ফিজিওলজি বিভাগে ক্লাস হচ্ছে শুনে তাঁরা সেখানে যান এবং ক্লাস বন্ধ করে দেন। এ সময় শিক্ষার্থীরা একই অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের একটি পরীক্ষা বন্ধ করে দেন। দাবি না মেনে প্রশাসনের ক্লাস শুরুর সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। একটি মহলের চাপে প্রশাসন কোনো ব্যবস্থাই নেবে না বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ব্যাপারে তাঁরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
এদিকে সায়াদের হত্যাকারীদের বিচারের দাবিতে বিকেল সাড়ে চারটার দিকে ছাত্র সমিতির ব্যানারে একটি বিক্ষেভ মিছিল বের করা হয়। পরে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবন ঘেরাও করে অবস্থান ধর্মঘট পালন করেন। গতকাল রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ওই কর্মসূচি অব্যাহত ছিল।
নতুন প্রক্টর নিয়োগ: এদিকে প্রক্টর শহীদুর রহমান খানকে অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল তাঁর স্থলে নতুন প্রক্টর হিসেবে পশুপালন অনুষদের ডেইরি বিজ্ঞান বিভাগের শিক্ষক হারুন-অর-রশিদকে নিয়োগ দিয়েছে প্রশাসন।
এ ছাড়া সরে দাঁড়ানোর পর নতুন ছাত্রবিষয়ক উপদেষ্টা, ছাত্রবিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও আশরাফুল হক হলের প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্রবিষয়ক উপদেষ্টা হিসেবে পশুপালন অনুষদের পশুপুষ্টি বিভাগের শিক্ষক জহিরুল হক খন্দকার, ছাত্রবিষয়ক বিভাগের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে কৃষি অনুষদের ফসল উদ্ভিদ বিজ্ঞানের শিক্ষক মো. আলমগীর হোসেন এবং আশরাফুল হক হলের প্রভোস্ট হিসেবে ভেটেরিনারি অনুষদের মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের শিক্ষক সুকুমার সাহাকে নিয়োগ দেওয়া হয়েছে।