ধর্মঘট চলছেই, স্লোগানে মুখর ক্যাম্পাস
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষাসহ নানা খাতে বর্ধিত ফি প্রত্যাহার ও বিভিন্ন বিভাগে চালু হওয়া সান্ধ্য মাস্টার্স কোর্স বন্ধের দাবিতে আজ শনিবার দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। সকালে বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার একই দাবিতে ‘বর্ধিত ফি প্রত্যাহার ও বাণিজ্যিক সান্ধ্য কোর্সবিরোধী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে ক্যাম্পাসে ধর্মঘট পালন করেন শিক্ষার্থীরা। গত মঙ্গলবার থেকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছেন।
ক্যাম্পাস সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হলের ছাত্রীরা মুন্নুজান হলের সামনে জড়ো হন। পরে প্রায় দেড় হাজার ছাত্রীর অংশগ্রহণে একটি বিশাল বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের শাহ মখদুম, আমীর আলী, আব্দুল লতিফ, শের-ই-বাংলা, মাদার বখশ, বঙ্গবন্ধু শেখ মুজিব হলসহ বিভিন্ন হলের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় শিক্ষার্থীদের অবিরাম স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
সকাল থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের ‘শাবাশ বাংলাদেশ’ মাঠে সমবেত হতে শুরু করেন। কয়েক হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সেখানে সকাল থেকেই সমাবেশ চলছে।
বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ও সবগুলো ফটকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দাবি না মানলে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। আজ বেলা একটায় সংবাদ সম্মেলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে বক্তব্য দেওয়ার কথা ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।