সিলেটের কালাগুল চা-বাগানের ৮০০ শ্রমিক পরিবারে দুর্গাপূজা ও ঈদের আনন্দ নেই। মজুরি বাড়ানোসহ ১০ দফা দাবিতে গত ১ জুলাই থেকে টানা ধর্মঘট চলায় চা-বাগান কর্তৃপক্ষ এবারের পূজা ও ঈদ উপলক্ষে চা-শ্রমিকদের উৎসব বোনাস দিচ্ছে না।
এ কারণে ক্ষুব্ধ চা-শ্রমিকেরা গতকাল সোমবার সকালে বাগানে বিক্ষোভ মিছিল করেছেন।
গতকাল বিক্ষোভ মিছিল শেষে পূজার শুরুতে এবং ঈদুল আজহার আগে উৎসব বোনাস দেওয়ার দাবি জানানো হয়।কালাগুল চা-বাগানে কর্মরত শ্রমিকদের মজুরি ৬৯ টাকা থেকে ৩০০ টাকায় উন্নীত করাসহ ১০ দফা দাবিতে ১ জুলাই থেকে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের অনুসংগঠন চা-শ্রমিক সংঘ ধর্মঘট ডাকে।
কালাগুল চা-বাগানের মহাব্যবস্থাপক সবুর খান বলেন, ‘এটা তো কোনো সরকারি চা-বাগান নয়। এটি ব্যক্তিমালিকানাধীন। বাগানে কাজ নেই। বাগান অচল করে রাখা হয়েছে। এ অবস্থায় শ্রমিকদের টাকা দেব কীভাবে?’
এদিকে গতকাল বাগান এলাকায় ধর্মঘটি চা-শ্রমিকেরা উৎসব বোনাসের দাবির সঙ্গে মজুরিসহ ১০ দফা দাবি মেনে নিয়ে অবিলম্বে বাগান খুলে দেওয়ার দাবি জানান। বাগানের বিভিন্ন মেঠোপথ ঘুরে মিছিলটি বটতলায় সমাবেশে মিলিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভাষান ছত্রী। ধর্মঘট দীর্ঘ হলেও দাবি আদায় ছাড়া কোনো বিকল্প তাঁরা মানবেন না বলে ঘোষণা দেন বক্তারা।