ধর্মঘট ডেকে বিশ্ববিদ্যালয় অচল করার হুমকি ছাত্রশিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় লুটপাটের অভিযোগ তুলেছে ইসলামী ছাত্রশিবির বিশ্ববিদ্যালয় শাখা। গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে শিবিরের নেতারা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তিন দফা দাবি জানান। তিন দিনের মধ্যে এ দাবি মানা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে শাবি অচল করার ঘোষণা দেওয়া হয়েছে।এদিকে ছাত্রলীগ-শিবির সংঘর্ষের ঘটনায় সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় গতকাল তিনটি মামলা হয়েছে। এর মধ্যে পুলিশ অ্যাসল্ট মামলাসহ তিন মামলায় ১৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ জনকে আসামি করা হয়েছে।জামায়াতের সাবেক আমির গোলাম আযম আটক হওয়ায় গত বুধবার বিকেলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ আনন্দমিছিল করে। সন্ধ্যায় আবাসিক হলগুলোতেও ছাত্রলীগ আনন্দমিছিল করার প্রস্তুতি নিলে ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগের তিন কর্মী আহত হন। সংঘর্ষের পর শিবির ক্যাম্পাস ছাড়া হয়ে পড়ে।গতকাল বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয় শাখা শিবির নগরের মদিনা মার্কেট এলাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে পরিস্থিতির ব্যাখ্যা দেয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় শিবির দাবি করে, ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করে আবাসিক হলের অন্তত ৫০ জন সাধারণ ছাত্রকে আহত করে। পরে হলের কক্ষগুলোতে লুটপাট চালায়।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি জাকির হোসেন সিদ্দিকী লুটপাটের ক্ষয়ক্ষতি তুলে ধরে তিন দফা দাবি পেশ করেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের চিহ্নিত করা, লুটপাট করা মালামাল ফেরত ও আবাসিক হলে শিক্ষার্থীদের সহাবস্থান নিশ্চিত করার এ তিন দাবি কাল শনিবারের মধ্যে মেনে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় রোববার বিশ্ববিদ্যালয়ে শিবির ধর্মঘট আহ্বানের ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দেওয়া হবে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। শিবিরের সংবাদ সম্মেলনের বক্তব্য পুরোটাই মিথ্যাচার দাবি করে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সামসুজ্জামান চৌধুরী বলেন, ‘শিবির ওই দিন বিশ্ববিদ্যালয়কে অস্থিতিশীল করার পরিকল্পনা করেছিল। ছাত্রলীগ তা প্রতিহত করছে। এখন মিথ্যাচার করে ফায়দা লোটার চেষ্টা করছে।’ ধর্মঘট ডাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘এ ধরনের ধর্মঘট ডাকলে সাধারণ শিক্ষার্থীরা শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিরোধ করবে।’এদিকে ঘটনার পর জালালাবাদ থানায় পুলিশ বাদী হয়ে একটি পুলিশ অ্যাসল্ট মামলা এবং আহত দুই ছাত্র বাদী হয়ে আরও দুটি মামলা করেছেন। তিন মামলায় ৬০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই শতাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তবে কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুুলিশ। উপাচার্যকে হত্যার হুমকি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে একটি মুঠোফোন নম্বর (০১৭৬৫ ৩৫৪১৯২) থেকে উপাচার্যকে এ হুমকি দেওয়া হয়।সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কয়েকটি দোকান ভাঙচুর করা হয়েছে দাবি করে এর ক্ষতিপূরণ আজকের (গতকাল বৃহস্পতিবার) মধ্যে দেওয়া না হলে আগামীকাল (আজ) উপাচার্যের বাসভবন ভাঙচুর ও পুড়িয়ে দেওয়া হবে এবং উপাচার্যকে হত্যা করা হবে মর্মে হুমকি দেওয়া হয়। এ ঘটনার পর সিলেটের জালালাবাদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মুঠোফোনে যোগাযোগ করা হলে উপাচার্য মো. সালেহ উদ্দিন তাঁকে এ রকম হুমকি দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন। সিলেটের জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিম হোসেন এ বিষয়ে একটি জিডি হওয়ার কথা নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, উপাচার্য মহোদয়ের বাসভবনসহ সামগ্রিকভাবে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।