ধর্মঘট পালনের সিদ্ধান্তে অটল পরিবহন নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া-ঈশ্বরদী সড়ক সংস্কারের দাবিতে পরিবহন ধর্মঘটে অটল রয়েছে কুষ্টিয়া বাস মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট আজ বুধবার সকাল থেকে শুরু হওয়ার কথা।গত রোববার পরিষদের জরুরি বৈঠকে জানানো হয়, বুধবার থেকে জেলার সব সড়কে যানবাহন বন্ধ থাকবে। এ সময় জেলার ওপর দিয়ে বিআরটিসি গাড়িসহ উত্তর ও দক্ষিণাঞ্চলের গাড়িও চলতে দেওয়া হবে না।জানা গেছে, পরিবহন ধর্মঘট প্রত্যাহারের জন্য গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া সার্কিট হাউসে বৈঠক অনুষ্ঠিত হয়। এতে কুষ্টিয়ার জেলা প্রশাসক বনমালী ভৌমিক, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদ, পরিবহন খাতের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন। প্রায় আড়াই ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক বেলা তিনটার দিকে শেষ হয়। বৈঠক সম্পর্কে জানতে চাইলে জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নূর হোসেন বলেন, বৈঠকে প্রশাসনের কর্মকর্তারা আগামী শনিবার থেকে সড়ক সংস্কার করা হবে এমন আশ্বাস দেন এবং ধর্মঘট প্রত্যাহারের আহ্বান জানান। এ ছাড়া প্রশাসন ও পরিবহন খাতের নেতারা সড়কে চাঁদাবাজি, অবৈধ যান চলাচল বন্ধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। অমীমাংসিতভাবেই বৈঠক শেষ হয়। তিনি আরও বলেন, ‘আমরা দৃশ্যমান কাজ (সড়ক সংস্কার) দেখে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করব। তা না হলে অনির্দিষ্টকালের ধর্মঘট চলতে থাকবে।’প্রসঙ্গত, সড়ক সংস্কারের জন্য পরিবহন সেক্টরের নেতারা অনেকবার সড়ক ও জনপথকে (সওজ) চিঠি দেন। তবু কোনো পদক্ষেপ না দেখে রোববার বিকেলে মালিক শ্রমিক ঐক্য পরিষদের জরুরি বৈঠকে পরিবহন ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়।