প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথরবাহী ট্রাক ও নৌযান ধর্মঘট প্রত্যাহার করেছে উপজেলা আওয়ামী লীগ। গতকাল শুক্রবার সকালে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়ার পর সিলেট-কোম্পানীগঞ্জ সড়ক ও নৌপথে পাথরবাহী যান চলাচল শুরু হয়। ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে পরিবেশ বিধ্বংসী ‘বোমা মেশিন’ ও চাঁদাবাজি বন্ধের দাবিতে গত বুধবার সন্ধ্যায় মাইকে প্রচার করে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকে উপজেলা আওয়ামী লীগ। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসনের সঙ্গে আওয়ামী লীগের নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী আমজদ জানান, প্রশাসন তাঁদের দাবির প্রতি আন্তরিকতা দেখানোয় ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।