ধর্মঘট প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়ায় ঠিকাদারি কাজ নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে মাহিলাড়া বাজার ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের জন্য ডাকা ধর্মঘট গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। উপজেলা পুলিশ প্রশাসন ও আওয়ামী লীগের স্থানীয় নেতাদের হস্তক্ষেপে এ ধর্মঘট প্রত্যাহার করে নেন ব্যবসায়ীরা। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমানের বড় ভাই আওয়ামী লীগ নেতা আকবর হোসেনের সঙ্গে মাহিলাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সৈকত গুহের বিরোধের জের ধরে মাহিলাড়া বাজারের ১০টি ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করেন মেয়রের লোকজন। এ ঘটনার প্রতিবাদে ও ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীরা অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি রেজাউল করিম হারুন বয়াতি ধর্মঘট প্রত্যাহার করার সত্যতা নিশ্চিত করেছেন।