ধর্মঘট প্রত্যাহার, উত্তরবঙ্গে জ্বালানি তেল সরবরাহ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকা ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপো থেকে তেল সরবরাহ শুরু হয়েছে।

জেলা প্রশাসন ও ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সূত্রে জানা গেছে, বেলা ১১টার সময় সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ ও তাড়াশ উপজেলা আওয়ামী লীগের নেতাদের নিয়ে এক জরুরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেখানে উভয় পক্ষ একমত হলে সাড়ে দুপুর ১২টার দিকে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের মালিকানাধীন তাড়াশ উপজেলার খালকুলায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশের একটি ফিলিং স্টেশন গত শুক্রবার বিকেলে উদ্বোধন হওয়ার কথা ছিল। শ্রমিক ইউনিয়নের অভিযোগ, স্থানীয় নওগাঁ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইফুজ্জামান আলমের নেতৃত্বে কয়েকজন চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় উদ্বোধনী মঞ্চ ও চেয়ার-টেবিল ভাঙচুর করা হয়। প্রতিবাদে গত শনিবার সকাল নয়টা থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) বাঘাবাড়ী ডিপো থেকে উত্তরের জেলাগুলোতে জ্বালানি তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। এর ফলে জেলার অধিকাংশ পেট্রলপাম্প তেলসংকটে পড়ে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে আজ আলোচনা সভায় উপস্থিত ছিলেন তাড়াশ-রায়গঞ্জ আসনের সাংসদ ম ম আমজাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম, উপজেলা চেয়ারম্যানদের মধ্যে সদরের রিয়াজ উদ্দীন, শাহজাদপুরের মো. আজাদ রহমান, তাড়াশের আব্দুল হক, রাজশাহী বিভাগীয় জ্বালানি তেল পরিবেশক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মিজানুর রহমান, উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ, সাধারণ সম্পাদক রমজান আলী। এ ছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তাদের মধ্যে শাহজাদপুরের শামীম আহমেদ, তাড়াশের জিল্লুর রহমান, শাহজাদপুরের সহকারী পুলিশ সুপার আবুল হাসানাত, ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক, তিনটি তেল বিপণন কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন পাম্পের মালিক, শ্রমিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

বাঘাবাড়ী ডিপোর যমুনা তেল বিপণন কোম্পানির কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, যমুনাসহ পদ্মা, মেঘনা তিনটি কোম্পানি থেকেই তেল সরবরাহ দুপুরের পর থেকে শুরু হয়েছে।