ধর্মঘট প্রত্যাহার, উত্তরবঙ্গে তেল-সার সরবরাহ শুরু
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌবন্দর থেকে উত্তরবঙ্গের ১৬ জেলাসহ ১৮টি জেলায় অনির্দিষ্টকালের জন্য ডাকা ট্যাংকলরি ধর্মঘট জেলা প্রশাসনের হস্তক্ষেপে প্রত্যাহার করা হয়েছে। এর ফলে আজ রোববার সকাল নয়টা থেকে এসব জেলায় জ্বালানি তেল ও সার সরবরাহ শুরু হয়েছে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামিম আহম্মেদ বলেন, গত ২১ মার্চ উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য এবং ট্যাংকলরি চালক কুরাইশ ও সহকারী রমজান আলীকে রংপুরে হত্যা করা হয়। হত্যাকারীদের আটকের দাবিতে গতকাল শনিবার উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকে বাঘাবাড়ি বন্দর থেকে সব ধরনের জ্বালানি তেল ও সার সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। গতকাল সারা দিন ধর্মঘট চলে। পরে গতকাল রাতে ও আজ সকাল নয়টার দিকে দুই দফায় শ্রমিক ইউনিয়নের নেতাদের সঙ্গে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আলমের নেতৃত্বে প্রশাসনের আলোচনা হয়। আলোচনা শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলে তেল ও সার সরবরাহ শুরু হয়।
ইউএনও আরও বলেন, দুই শ্রমিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জন্য প্রশাসন কাজ করছে।