প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে বাস ধর্মঘট কর্মসূচি গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। ময়মনসিংহের নান্দাইল উপজেলার চৌরাস্তা এলাকায় বাসে চাঁদাবাজি বন্ধে প্রশাসন ও ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের আশ্বাসের ভিত্তিতে মোটরযান শ্রমিক ইউনিয়ন ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। তিন দিন বন্ধ থাকার পর গতকাল সকাল থেকে এসব সড়কে আবারও বাস চলাচল শুরু হয়। নান্দাইল উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আসাদুজ্জামান তাঁর লোকজন দিয়ে প্রতিটি বাস থেকে চাঁদা আদায় করেন বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া বাসচালক ও চালকের সহকারীদের মারধরের প্রতিবাদে গত মঙ্গলবার ভোর থেকে শ্রমিকেরা এ সড়কে বাস চলাচল বন্ধ করে দেন। আসাদুজ্জামান প্রথম আলোকে জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ ভিত্তিহীন।