ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা
চট্টগ্রামের পরিবহনমালিকদের একাংশের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট ১২ ঘণ্টা পালনের পর প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়েছে। নগরে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকের পর পরিবহন মালিক সমিতির একাংশের নেতারা গতকাল সোমবার সন্ধ্যায় এই ঘোষণা দেন।সরকার-ঘোষিত বাড়তি ভাড়া আদায়ের ব্যবস্থা না হওয়ায় আগের রাতে ঘোষণা দিয়ে গতকাল সকাল থেকে মালিকদের এই অংশের যাত্রীবাহী বাস, রাইডার, রেঞ্জারসহ সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়। ফলে, সারা দিন নগরের যাত্রীরা দুর্ভোগে পড়ে। সন্ধ্যায় সিদ্ধান্তের পর রাতে গাড়ি আবার চলাচল শুরু হয়।জানা গেছে, সন্ধ্যায় চট্টগ্রাম পুলিশ কমিশনারের সঙ্গে পরিবহন মালিক গ্রুপের নেতারা বৈঠকে বসেন। বৈঠকে আজ মঙ্গলবার থেকে সরকার-ঘোষিত ভাড়া কার্যকর করতে পরিবহনমালিকদের সহযোগিতার আশ্বাস দেয় পুলিশ প্রশাসন। পুলিশ সূত্র জানায়, পরিবহনব্যবস্থা স্বাভাবিক রাখতে চট্টগ্রামের যানবাহন শাখার সহকারী পুলিশ কমিশনার মো. শহীদুল্লাহর নেতৃত্বে একটি সেল মাঠে কাজ করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। নগরের সব থানার পুলিশ এ সেলকে সহায়তা করবে। এ ছাড়া বহদ্দারহাট ও ইপিজেডসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। এসব কাজের তদারক করবেন চট্টগ্রাম মহানগর পুলিশের উপকমিশনার (যানবাহন) ফারুক আহমেদ।গতকাল চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপপুলিশ কমিশনার ফারুক আহমেদ, চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ, সভাপতি কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব মঞ্জুরুল আলম, চট্টগ্রাম সিটি বাস মিনিবাস ও হিউম্যান হলার মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন, সাধারণ সম্পাদক নুরুল আলম চৌধুরী প্রমুখ।বৈঠকে চট্টগ্রামের পুলিশ কমিশনার মো. আবুল কাশেম সরকারি ভাড়া কার্যকরের নামে যাত্রীদের কাছ থেকে অধিক ভাড়া আদায় না করার জন্য মালিকদের সতর্ক করে দেন।চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের প্রধান উপদেষ্টা আবুল কালাম আজাদ বৈঠকে বলেন, ‘আমরা শুক্রবার থেকে সরকার-ঘোষিত ভাড়া নেওয়া শুরু করি। কিন্তু রোববার বহদ্দারহাটে কয়েকজন উচ্ছৃঙ্খল লোক চারটি গাড়ি ভাঙচুর ও শ্রমিকনেতা নুরুল হককে মারধর করে। এ কারণে আমরা ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘট ঘোষণা করি।’ চট্টগ্রাম পরিবহন মালিক গ্রুপের সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘এ অবস্থা চলতে থাকলে আমরা সড়কে গাড়ি রাখতে পারব না। উভয় পক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বাসে ওঠানামা অথবা প্রথম তিন কিলোমিটারের ভাড়া পাঁচ টাকা করতে হবে। এরপর পরবর্তী এক কিলোমিটার এক টাকা হারে দিতে হবে।’