ধর্মঘট স্থগিতের ঘোষণা সিএনজি স্টেশন মালিকদের
দাবি পূরণে মন্ত্রীর আশ্বাস পেয়ে পূর্বঘোষিত ধর্মঘট পালনের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সিএনজি স্টেশন মালিকদের সংগঠন ‘বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনর্ভাসন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন’।
গত ২৪ মে সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলন করে কমিশন বৃদ্ধিসহ সাত দফা দাবির পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশগুলো বাস্তবায়নে ৮ জুন থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে যাওয়ার হুমকি দেওয়া হয়৷
সংগঠনের সভাপতি জাকির হোসেন গতকাল শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, সুপারিশগুলো বাস্তবায়নে মন্ত্রীর আশ্বাস ও ধর্মঘট থেকে সরে আসার অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ২৪ আগস্ট পর্যন্ত এই ধর্মঘট স্থগিত করা হয়েছে।
এদিন দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে এক বৈঠকে এই আলোচনা হয় বলে জানান জাকির।
তবে ২৪ আগস্টের মধ্যে দাবিগুলো বাস্তবায়ন না হলে ২৫ আগস্ট থেকেই ধর্মঘট শুরু হবে বলে জানান তিনি৷