সিলেট বিভাগের চার জেলায় একযোগে সিএনজি স্টেশন-পেট্রলপাম্পে ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য স্থগিত করা হয়েছে। গত মঙ্গলবার রাতে সিএনজি ফিলিং স্টেশন মালিকদের সংগঠনের পক্ষ থেকে ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়া হয়। সিএনজি ফিলিং স্টেশন ও কনভারশন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশনের ডাকে অনির্দিষ্টকালের ধর্মঘট মঙ্গলবার থেকে শুরু হয়েছিল। প্রথম দিন ধর্মঘটের পর মঙ্গলবার রাতে সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে সংগঠনের দাবি পূরণের আশ্বাস দেওয়া হলে ৭২ ঘণ্টার জন্য ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়। গতকাল বুধবার সকাল থেকে সিলেট বিভাগের সব সিএনজি ও পেট্রলপাম্প খোলা হয়। মঙ্গলবার রাত ১২টার পর থেকে ধর্মঘট ৭২ ঘণ্টার জন্য প্রত্যাহার করার কথা জানিয়ে সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি জুবের আহমদ চৌধুরী বলেন, এ সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হলে ফের ধর্মঘট শুরু হবে। সংগঠন সূত্রের অভিযোগ, চাঁদার দাবিতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ৫ সেপ্টেম্বর রাতে নগরের শিবগঞ্জে সুরমা সিএনজি স্টেশনে হামলা চালায়। জেলা ছাত্রলীগের সহসভাপতি সেলিম চৌধুরীর নেতৃত্বে ওই হামলা চালানো হলেও পুলিশ আসামিদের গ্রেপ্তার করতে পারেনি। ৮ সেপ্টেম্বর অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে আসামি গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেয়। এ সময়ের মধ্যে আসামি গ্রেপ্তার না হওয়ায় পূর্বঘোষণা অনুযায়ী ধর্মঘট শুরু হয়।