ধর্মঘটকে ঢাল বানাচ্ছেন নৌমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর ডানে সৈয়দ আবুল মকসুদ ষ ছবি: প্রথম আলো
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গতকাল সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। তাঁর ডানে সৈয়দ আবুল মকসুদ ষ ছবি: প্রথম আলো

সরকারের একজন মন্ত্রী হয়েও ধর্মঘটকে ঢাল হিসেবে ব্যবহার করে দাবি আদায় করার কৌশল নিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। এতে আসলে সরকারকেই বিব্রত করা হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন এ মন্তব্য করেন।
সম্প্রতি নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান পরিবহনশ্রমিকদের পক্ষ নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কিছু দাবি উত্থাপন করেন। এরই পরিপ্রেক্ষিতে সড়ক দুর্ঘটনা রোধে গঠিত বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অবস্থান ব্যাখ্যা করতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিখিত বক্তব্যে ইলিয়াস কাঞ্চন বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর নৌপরিবহনমন্ত্রীকে যে আশ্বাস দিয়েছেন, তাতে সড়ক দুর্ঘটনা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। পরিবহন ধর্মঘটের হুমকি দিয়ে তিনি দেশবাসীকে জিম্মি করেছেন।
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, শাজাহান খান কোনো সম্প্রদায়কে রক্ষার জন্য মন্ত্রী হিসেবে শপথ নেননি। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দর-কষাকষির ভূমিকা শাজাহান খান কেন, যেকোনো মন্ত্রীর জন্য কতটুকু যুক্তিসংগত, সে নিয়ে প্রশ্ন আছে।
সংবাদ সম্মেলনে দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা নেওয়া, শুধু চোখ পরীক্ষা করে লাইসেন্স নবায়ন না করা, সড়ক দুর্ঘটনার মামলার বিচারের জন্য একটি আলাদা আদালত গঠনের দাবি জানানো হয়।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ক্ষেত্রে গাড়িচালকদের বিরুদ্ধে ৩০২ ধারায় মামলা না করা, চালকদের শুধু চোখ পরীক্ষা করে লাইসেন্স নবায়ন করার দাবি জানিয়েছিলেন পরিবহনের নেতারা।
ইলিয়াস কাঞ্চন বলেন, বছরের পর বছর আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত ৩০২ ধারায় মাত্র পাঁচটি মামলা হয়েছে। কিন্তু এখন তাঁরা সেগুলো প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, নৌপরিবহনমন্ত্রী প্রায়ই বলে থাকেন, বিশ্বের কোথাও সড়ক দুর্ঘটনার জন্য দীর্ঘমেয়াদি সাজার ব্যবস্থা নেই। কিন্তু যুক্তরাষ্ট্রে এক থেকে ৯৯ বছর, যুক্তরাজ্যে ১৪ বছর, কানাডায় ১৪ বছর, মালয়েশিয়ায় ১০ বছর ও ২০ হাজার রিংগিত জরিমানার বিধান আছে।
সংবাদ সম্মেলনে ২০১৩-১৪ অর্থবছরে নিরাপদ সড়ক চাই আন্দোলনের (নিসচা) জন্য যে ২০ কোটি টাকা বরাদ্দ আছে, তা ছাড় করার জন্য সরকারের কাছে অনুরোধ করা হয়।
লেখক-সাংবাদিক সৈয়দ আবুল মকসুদ সড়ক দুর্ঘটনাকে রাজনৈতিক ইস্যু হিসেবে ব্যবহার না করে জাতীয় সমস্যা হিসেবে গণ্য করার দাবি জানান। তিনি বলেন, ‘সড়ক দুর্ঘটনার ক্ষেত্রে শুধু চালক নন, প্রকৃত অপরাধীর বিচার চাই। প্রশাসন, যাত্রী, পথচারী, নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সঙ্গে যুক্ত—যিনিই দায়ী হন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।’