ধর্মঘটিদের তোপের মুখে ঈশ্বরদীর সাব-রেজিস্ট্রার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদীতে বদলি হয়ে আসা নতুন সাব-রেজিস্ট্রার প্রথম দিনই গতকাল বুধবার ধর্মঘটি দলিললেখকদের তোপের মুখে পড়েন। এর ফলে গতকালও কোনো জমির দলিল নিবন্ধন হয়নি।
নতুন চার দলিললেখকের লাইসেন্স প্রদানের আদেশ বাতিল এবং স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে ৭ মে থেকে ধর্মঘট পালন করে আসছেন ঈশ্বরদীর দলিললেখকেরা।
সাব-রেজিস্ট্রি কার্যালয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাবনার ভাঙ্গুরার সাব-রেজিস্ট্রারকে ঈশ্বরদীতে বদলির খবর শুনে দলিললেখক ও সহকারীরা উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে ভিড় জমান। সকাল ১০টার দিকে খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার হিসেবে নাজমুল হাসান সেখানে এলে দলিললেখকেরা তাঁকে কার্যালয়ে ঢুকতে বাধা দেন। এ সময় তাঁরা সাব-রেজিস্ট্রারের কাছে আইজিআর নির্দেশিত ঈশ্বরদীর নতুন চারটি লাইসেন্স প্রদানের আদেশ বাতিল এবং স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগসহ বিভিন্ন দাবি জানান। তাঁরা বলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।
কার্যালয়ে ঢুকতে না পেরে সাব-রেজিস্ট্রার সেখান থেকে ইউএনওর কার্যালয়ে যান। পরে উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান, ইউএনও রফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান মাহজেবিন শিরিনের অনুরোধ ও সহযোগিতায় বেলা দেড়টার দিকে তিনি কার্যালয়ে যান। এ সময় বাধা না দিলেও জমি দলিল নিবন্ধন করা যাবে না বলে দলিললেখকেরা তাঁকে জানিয়ে দেন।
ইউএনও রফিকুল ইসলাম জানান, আগামী সপ্তাহ থেকে নিয়মিত দলিল নিবন্ধন হতে পারে।
দেড় মাস ধরে দলিললেখকদের ধর্মঘট অব্যাহত থাকায় ঈশ্বরদী সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মচারীদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। কর্মচারীদের দুই মাসের বেতন-ভাতা এবং ২৭ জন (অস্থায়ী) নকলনবিশের ছয় মাসের বেতন বকেয়া পড়ায় তাঁরা কষ্টে রয়েছেন। নাম প্রকাশ না করে এক কর্মচারী বলেন, বেতন-ভাতা বন্ধ থাকায় বাড়িভাড়া, ছেলে-মেয়েদের পড়ালেখা ও বাবা-মায়ের চিকিৎসার খরচ চালাতে হিমশিম খাচ্ছেন।