
সর্বাত্মক ছাত্র ধর্মঘটে ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজ মঙ্গলবার অচলাবস্থার সৃষ্টি হয়েছে। সায়াদ ইবনে মোমতাজ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকাল সোমবার ছাত্র ধর্মঘটের ডাক দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাঁরা দাবি পূরণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ছাত্র সমিতির দাবির মুখে ডিন কাউন্সিলের বর্ধিত সভায় গত রোববার রাতের সিদ্ধান্তে শিক্ষকেরা গতকাল ক্লাসে ফেরেন। এদিকে, আন্দোলনকারী শিক্ষার্থীরা সায়াদ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচার ও নিজেদের নিরাপত্তার দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন অব্যাহত রেখেছিলেন। তাই প্রশাসনের এ ধরনের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে তাঁরা আজ সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করেন।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীরা জানান, আজ সকাল সাড়ে আটটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা প্রশাসন ভবনের সামনে সমাবেত হন। কোনো অনুষদে ক্লাস-পরীক্ষা হলে তা বন্ধ করার ঘোষণা দেন তাঁরা। সকাল নয়টার দিকে আন্দোলনকারীরা জানতে পারেন, পশুপালন অনুষদে তৃতীয় বর্ষের ক্লাস হচ্ছে। পরে আন্দোলনকারীরা পশুপালন অনুষদে গিয়ে ওই অনুষদের পেছনের ফটকে তালা ঝুলিয়ে দেন। সামনের ফটকে তালা ঝোলানোর সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের বাধা দেন প্রক্টরিয়াল বডির সদস্য ও নিরাপত্তাকর্মীরা। একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীরা ওই অনুষদের সামনের ফটকেও তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেন। এ সময় কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী অনুষদের ভবনের ভেতর অবরুদ্ধ হন। পরে প্রক্টরিয়াল বডির নির্দেশে তালা ভেঙে তাঁদের মুক্ত করেন নিরাপত্তাকর্মীরা।
আন্দোলনরত শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলটি পুনরায় প্রশাসন ভবনের সামনে যায় সকাল ১০টার দিকে। এরপর ভেটেরিনারি অনুষদে ফিজিওলজি বিভাগের একটি ক্লাস হচ্ছে শুনে তাঁরা তা বন্ধ করে দেন। এ সময় তাঁরা একই অনুষদের প্যারাসাইটোলজি বিভাগের একটি পরীক্ষাও বন্ধ করে দেন।
গত ৩১ মার্চ মাত্স্যবিজ্ঞান অনুষদের চতুর্থ বর্ষের ছাত্র ও ছাত্রলীগের নেতা সায়াদ ইবনে মোমতাজকে একই দলের কয়েকজন নেতা আশরাফুল হক হলের একটি কক্ষে ডেকে নিয়ে পেটান। ১ এপ্রিল বেলা ১১টার দিকে তিনি ময়মনসিংহ শহরের ট্রমা সেন্টারে মারা যান।