ধর্মঘটে অচল রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের হলের কক্ষে গুলিতে নিহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুস্তম আলী আকন্দের খুনিদের গ্রেপ্তারে দাবিতে ক্যাম্পাসে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। খুনিদের গ্রেপ্তারের দাবিতে আজ রোববার মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ডাকা ধর্মঘটের দ্বিতীয় দিনেও বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। আজ সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষ, বাংলা বিভাগের প্রথম বর্ষ ও অর্থনীতি বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের বিভাগগুলোর পক্ষ থেকে মৌখিক পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাতে বাধা দেন এবং মৌখিক পরীক্ষা গ্রহণ বন্ধ করে দেন।

ধর্মঘট প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আমরা ধর্মঘটের বিষয়ে ছাত্রলীগের নেতাদের সঙ্গে কথা বলেছি। তাঁরা গতকাল শনিবার ধর্মঘট পালন করে কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার আশ্বাস দিয়েছিল; কিন্তু যেকোনো কারণেই হোক তা না করে তারা ধর্মঘট অব্যাহত রেখেছে। আমরা আশা করছি, ছাত্রলীগ দ্রুততম সময়ের মধ্যে ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করে নেবে।’

এদিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বেলা সাড়ে ১১টার দিকে ছাত্রলীগ নেতা রুস্তম হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে মানববন্ধন করেছে ছাত্রলীগ। বক্তারা ছাত্রলীগ নেতা রুস্তম আলী হত্যাকাণ্ডে জড়িত ‘শিবির ক্যাডারদের’ গ্রেপ্তার দাবি করেন। এ ছাড়া রুস্তমের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ, অতীতে ছাত্রলীগ নেতা-কর্মীদের ওপর হামলাকারী শিবির ক্যাডারদের গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ে শিবিরের রাজনীতি নিষিদ্ধসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। বক্তারা খুনিদের গ্রেপ্তার না করা পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। মানববন্ধন শেষে ছাত্রলীগের উদ্যোগে এ ঘটনার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়েছে। আগামীকাল সোমবারও এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে ছাত্রলীগের নেতারা জানিয়েছেন।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম রেজাউল করিম জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গতকাল রাতে দুজনকে আটক করেছে পুলিশ। আজ তাঁদের ওই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শিবিরের ডাঁশমারী অঞ্চল শাখার অর্থ সম্পাদক ছানাউল্লাহ জ্যাকি ও শিবির কর্মী খুরশেদ আলম। মামলার আসামিদের ধরতে পুলিশ কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

গত শুক্রবার দুপুরে নিজ কক্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হন রুস্তম আলী আকন্দ। তিনি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। তাঁর বাড়ি গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার চকনারায়ণপুর গ্রামে।

এ হত্যাকাণ্ডের প্রতিবাদ ও খুনিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল থেকে বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ।