ধর্মঘটে ইন্টার্ন চিকিৎসকেরা রোগীরা দুর্ভোগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের নিরাপত্তার দাবিতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকেরা গতকাল শনিবারও দ্বিতীয় দিনের মতো ধর্মঘট পালন করেছেন। চিকিৎসকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের জন্য রোগীদের দুর্ভোগ পোহাতে দেখা গেছে।
ইন্টার্ন চিকিৎসক পরিষদের আহ্বানে গত শুক্রবার সন্ধ্যার পর থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়।
এদিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিধানে কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে লাগাতার ধর্মঘট ও আন্দোলন অব্যাহত থাকবে বলে আলটিমেটাম ঘোষণা করা হয়েছে।
গতকাল দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলাকালে সকাল থেকে ইন্টার্ন চিকিৎসকেরা কাজে যোগ দেননি। সকাল ১০টা থেকে তাঁরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন। বেলা ১১টায় হাসপাতাল ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন। দুপুর ১২টার দিকে পরিচালক বরাবর স্মারকলিপি দেন।
ইন্টার্ন চিকিৎসক পরিষদ সূত্র জানিয়েছে, গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে মেডিকেল কলেজের শহীদ মিনারের পাশে ইন্টার্ন চিকিৎসক সুমন আলীকে কয়েকজন দুর্বৃত্ত পথরোধ করে। দেশীয় অস্ত্র ধরে তারা সুমনের মুঠোফোন ও টাকা ছিনিয়ে নেয়। এ সময় সুমনকে লাঞ্ছিত করে তারা। এ ছাড়া সম্প্রতি একই এলাকায় সাতজন ইন্টার্ন চিকিৎসক ছিনতাইয়ের শিকার হয়েছেন। এসব ঘটনার প্রতিবাদে এবং তাঁদের নিরাপত্তার দাবিতে ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের পরিচালকের কাছে একাধিকবার স্মারকলিপি দিয়েছেন। কিন্তু কোনো সুরাহা না হওয়ায় এবার তাঁরা লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছেন।
ধর্মঘটের কারণে রোগীদের চিকিৎসা পেতে দুর্ভোগে পড়তে হয়েছে। বেলা দুইটা থেকে তিনটা পর্যন্ত হাসপাতাল ঘুরে রোগীদের দুর্ভোগের চিত্র দেখা গেছে। মেডিসিন বিভাগের ১, ২ ও ৩ নম্বর এই তিনটি ওয়ার্ডে ১২০টি শয্যার বিপরীতে দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি ছিল। ওই সময়ের মধ্যে ১ ও ২ নম্বর ওয়ার্ডে কোনো চিকিৎসককে দেখা যায়নি। তবে ৩ নম্বর ওয়ার্ডে দুজন চিকিৎসা কর্মকর্তাকে রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খেতে দেখা যায়।
এই দুজনের মধ্যে এক চিকিৎসক মশিউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, ‘কী আর করার আছে! চেষ্টা চালিয়ে যাচ্ছি, তা তো দেখতেই পাচ্ছেন।’ অন্য চিকিৎসা কর্মকর্তা সরওয়ার হোসেনকে এক শয্যা থেকে আরেক শয্যায় ছোটাছুটি করতে দেখা গেছে।
মেডিসিন ২ নম্বর ওয়ার্ডে রোগীর এক স্বজন আলেয়া বেগম অভিযোগ করে বলেন, ‘কাইল রাইত থাকিয়া কষ্ট হইতোছে। সকালে বড় ডাক্তার আসি দেখি গেইলেও এলা কোনো ডাক্তার নাই।’ এমনি অভিযোগ করেন আরও অনেক রোগী ও তাঁদের স্বজন।
মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান জাকির হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ইন্টার্ন চিকিৎসকেরা হাসপাতালের প্রাণ। এরপরও উদ্ভূত পরিস্থিতিতে বেলা দুইটা পর্যন্ত অধ্যাপক, সহকারী অধ্যাপকসহ রেজিস্ট্রার দিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে। প্রচণ্ড গরমে হাসপাতালে রোগীর সংখ্যাও দ্বিগুণ হয়েছে। এরপরও আমরা মেডিকেল অফিসার দিয়ে জরুরি ভিত্তিতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি মাহমুদুর রহমান বলেন, ‘আমরা বারবার দাবি জানিয়ে আসছি, আমাদের নিরাপত্তার জন্য। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে নিরাপত্তার কথা বলা হলেও আমাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। তাই আমরা কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’
হাসপাতালের পরিচালক আ স ম বরকতুল্লাহ বলেন, যত দ্রুত সম্ভব উদ্ভূত সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হবে।