ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক সমিতির ডাকা দিনব্যাপী ধর্মঘটে গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগের ক্লাস ও পরীক্ষা হয়নি। বন্ধ ছিল সব ধরনের প্রশাসনিক কর্মকাণ্ডও। হামলা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয়টির সহকারী প্রক্টর, কর্মচারী ও পুলিশসহ অর্ধশতাধিক শিক্ষার্থীর ওপর ১৭ মার্চ রাতে রাজনৈতিক পরিচয়ে বহিরাগত সন্ত্রাসীদের হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।পরীক্ষা নিয়ন্ত্রক কার্যালয় সূত্রে জানা গেছে, সব অনুষদের লেভেল-১, সেমিস্টার-১-এর পূর্বঘোষিত ক্লাস টেস্ট পরীক্ষা গতকাল হয়নি। বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি অনুষদের শেষ বর্ষের ব্যবহারিক চূড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি।বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. নুরুল হক জানান, পূর্বনির্ধারিত সব চূড়ান্ত (ফাইনাল) পরীক্ষা আগের রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে। গতকালের স্থগিতকৃত সব পরীক্ষার পরিবর্তিত তারিখ পরে নোটিশের মাধ্যমে জানানো হবে।