ধর্মঘটে গাবতলীতে সংঘর্ষ: সাত শ্রমিক কারাগারে
পরিবহনশ্রমিকদের ধর্মঘটের সময় রাজধানীর গাবতলীতে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের ঘটনার মামলায় গ্রেপ্তার সাত শ্রমিককে কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকার মহানগর হাকিম খোরশেদ আলম। ওই সাত শ্রমিক হলেন রফিকুল ইসলাম, আল আমিন, ফজলে রাব্বী, এনামুল হক, হাসানুর, রবিন ও সোহেল।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মিজানুর রহমান প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গাবতলীতে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় এই আসামিদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে আগামী রোববার।
এর আগে ২ মার্চ তাঁদের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। দারুস সালাম থানার পুলিশ সেদিন আদালতে হাজির করে সাত শ্রমিককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে।
সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ, সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনের প্রাণহানির মামলায় বাসের চালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেন আদালত। গত ২২ ফেব্রুয়ারি দেওয়া এই রায়ের প্রতিবাদে প্রথমে আঞ্চলিকভাবে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে সাভারে ট্রাকচাপায় খোদেজা নামের এক নারীকে হত্যার দায়ে চালক মীর হোসেনের মৃত্যুদণ্ডের রায় দেন ঢাকার একটি আদালত। এরপরই মঙ্গল ও বুধবার সারা দেশে ধর্মঘট ডাকা হয়।