ধর্মঘটে তিন উপজেলার যাত্রীদের দিনভর ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় অটোরিকশা ভাঙচুরের ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ক্ষতিপূরণের দাবিতে গতকাল শনিবার অটোরিকশাশ্রমিকেরা ধর্মঘট পালন করেন। এ কর্মসূচির কারণে তিন উপজেলার যাত্রীরা দুর্ভোগ পোহান।
গত শুক্রবার গোলাপগঞ্জ উপজেলার চৌমোহনী এলাকায় অটোরিকশাশ্রমিকদের সঙ্গে স্থানীয় টিকড়বাড়ি এলাকাবাসীর সংঘর্ষের সময় ২৬ থেকে ২৭টি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ করেছেন অটোরিকশাশ্রমিকেরা। এর জের ধরে ওই শ্রমিকেরা গতকাল সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেন। এতে জেলার গোলাপগঞ্জ, বিয়ানীবাজার ও জকিগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা চলাচল পুরোপুরি বন্ধ ছিল। এমনকি কোনো ধরনের যাত্রীবাহী বাসও চলাচল করেনি। সন্ধ্যায় উপজেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।
কয়েকজন যাত্রী জানান, সিএনজিচালিত অটোরিকশাশ্রমিকেরা ধর্মঘট আহ্বান করলেও সিলেট-জকিগঞ্জ এবং সিলেট-বিয়ানীবাজার সড়কে গতকাল বাস চলাচল বন্ধ ছিল। এর ফলে এসব সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। গতকাল বিকেল সাড়ে চারটার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেটমুখী এক যাত্রী আনহার মিয়া বলেন, ‘কোনো ধরনের যানবাহন চলাচল না করায় আমি সিলেটে যেতে পারছি না। অথচ জেলা শহরে আমার গুরুত্বপূর্ণ একটি কাজ রয়েছে।’
গোলাপগঞ্জ সিএনজিচালিত অটোরিকশাশ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন মিয়া বলেন, ‘ভাঙচুর করা সিএনজিচালিত অটোরিকশার দাম প্রায় এক কোটি টাকা। এ টাকা ক্ষতিপূরণ হিসেবে না পেলে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করতে হবে।’
গোলাপগঞ্জের ইউএনও মোহাম্মদ আলতাফ হোসেন জানান, নেতাদের পরিবহন ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছে। ক্ষতিপূরণের আশ্বাস দিলে অটোরিকশার শ্রমিকেরা ধর্মঘট প্রত্যাহার করে নেন।