ধর্মঘটে দুর্ভোগে উত্তরাঞ্চলের মানুষ

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাগঞ্জ গ্রাম থেকে ১০ জন শ্রমিক ধান কাটতে গিয়েছিলেন জয়পুরহাটে। ধান কেটে আজ ভোরে সেখান থেকে ফিরছিলেন তাঁরা। কিন্তু উত্তরাঞ্চলের ১৬ জেলায় আজ পরিবহন ধর্মঘট চলছে। কোনো গাড়ি পাননি তাঁরা। ধান মাথায় নিয়ে জয়পুরহাটের ক্ষেতলাল থেকে হেঁটে বগুড়া রেলস্টেশনে যাচ্ছেন শ্রমিকেরা। উদ্দেশ্য ট্রেনে করে সুন্দরগঞ্জে ফিরবেন।
আজ রোববার ভোর ছয়টা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় (রাজশাহী-রংপুর বিভাগ) অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক যৌথ সভা থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়৷
ধর্মঘটে চরম দুর্ভোগে পড়েছেন মানুষ। গাইবান্ধার কৃষক আবদুল আজিজ বলেন, ‘সেই ভোরবেলায় রওনা দিয়েছি। হাঁটতে হাঁটতে পায়ে ফোসকা পড়েছে। কোথাও কিছু পাচ্ছি না।’
অসুস্থ মাকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাচ্ছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোটা গ্রামের কলেজছাত্র সবুজ মিয়া। তিনি বলেন, ‘অসুস্থ মাকে নিয়ে সকালবেলা রওনা দিয়েছি। মোকামতলায় এসে দেখি সব বন্ধ। কখনো ভ্যানে করে কখনো হেঁটে যাচ্ছি। হাসপাতালে কখন পৌঁছাতে পারব জানি না।’
জয়পুরহাটের কালাই উপজেলার ব্যবসায়ী সানোয়ার হোসেন বলেন, ‘মালপত্র নিয়ে বগুড়ায় যাচ্ছি। কিন্তু সব বন্ধ। হেঁটে কীভাবে এসব মাল সময়মতো পৌঁছাব, তা জানি না।’
বগুড়ার সরকারি আজিজুল হক কলেজের ছাত্রী শামা আখতার বলেন, ‘জানতাম না ধর্মঘট চলছে। জয়পুরহাট থেকে রোদে পুড়ে বগুড়ায় আসছি। অবর্ণনীয় কষ্ট হচ্ছে।’
এদিকে গতকাল বগুড়া মোটর মালিক গ্রুপের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানিয়েছিলেন, রংপুরের মালিক শ্রমিক ঐক্য পরিষদের কমিটি ধর্মঘটের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। কিন্তু আজ ভোরে রংপুর থেকে বেশ কয়েকটি বাস-ট্রাক ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে ছাড়ে। বগুড়ার মোকামতলায় এসব বাস ও ট্রাক আটকে দেয় বগুড়ার পরিবহন শ্রমিকেরা।
এ ব্যাপারে বগুড়ার পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, ধর্মঘট ডেকেছে বিভাগীয় কমিটি। তাই বিভাগীয় কমিশনার এ ব্যাপারে আলোচনার উদ্যোগ নেবে।
রাজশাহী বিভাগের ৮ জেলায় ধর্মঘট
সকাল থেকে রাজশাহী বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। সকালে ছয় দফা বাস্তবায়নের দাবিতে রাজশাহী বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ করেছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। ধর্মঘটে অনেক যাত্রীকেই চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। তবে পূর্বঘোষিত হওয়ায় যাত্রীদের ভিড় ছিলও কিছুটা কম। ট্রেনের টিকিট কাউন্টারে ব্যাপক ভিড় দেখা গেছে। দূরপাল্লার দু-একটি বাস সকালের দিকে রাজশাহীতে ঢুকেছে। রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান বলেন, আর কোনো আলোচনা নয়, ছয় দফা দাবি বাস্তবায়ন হলেই ধর্মঘট প্রত্যাহার হবে।
রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আবদুল লতিফ মণ্ডল বলেন, ‘রাজশাহীতে সর্বাত্মকভাবে পরিবহন ধর্মঘট চলছে। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত যোগাযোগ করা হয়নি। আমাদের দাবি একটাই। ছয় দফা বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করলে ধর্মঘট প্রত্যাহার করা হবে।’
ধর্মঘটের ডাক
গতকাল শনিবার বিকেলে রাজশাহী বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের এক যৌথ সভা থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়৷ বগুড়ার একটি মোটেলে সভাটি অনুষ্ঠিত হয়৷
সরকারের আশ্বাস সত্ত্বেও ছয় দফা বাস্তবায়ন না করায় ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছে পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক শাহ আকতারুজ্জামান বলেন, ধর্মঘট চলাকালে সড়ক-মহাসড়কে সব বাস, ট্রাক, পিকআপ, ট্যাংক লরি, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা ও ইঞ্জিনচালিত যানবাহন বন্ধ থাকবে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত এসবের চলাচল বন্ধ থাকবে৷ তবে সংবাদপত্র ও সংবাদকর্মীদের গাড়ি ধর্মঘটের আওতামুক্ত থাকবে৷
এর আগে গত বৃহস্পতিবার রাজশাহীতে অনুষ্ঠিত পরিষদের বিভাগীয় কমিটির সভা থেকে দাবি আদায়ে ৭২ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছিল।
ছয় দফা দাবি: এক. নছিমন-করিমন, ভটভটি, পাওয়ার টিলার, ট্রাক্টরসহ সব অবৈধ যান চলাচল বন্ধ করা, দুই. সিএনজিচালিত অটোরিকশা, মাহেন্দ্র, থ্রি-হুইলার, ইমা রুট পারমিট-বহির্ভূত এলাকায় চলাচল ও এসবের রুট পারমিট প্রদান বন্ধ করা, তিন. ইজারাকৃত বিআরটিসি ও দ্বিতল বাস উপজেলা পর্যায়ে চলাচল বন্ধ করা, চার. ওজন স্কেলের নামে অবৈধ চাঁদাবাজি বন্ধ করা, পাঁচ. বিআরটিএর ট্যাক্স টোকেন ও ফিটনেস বাবদ বর্ধিত ফি প্রত্যাহার এবং ছয়. পুলিশি হয়রানি বন্ধ করা।