ধর্মঘটে নৌযানশ্রমিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাগাতার ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছেন নৌযানশ্রমিক নেতারা। সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ, নৌনিরাপত্তাসহ ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল বুধবার রাত ১২টা ১ মিনিট থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
দাবিদাওয়ার বিষয়ে আলোচনা করতে লঞ্চ মালিক ও শ্রমিকপক্ষের নেতাদের নিয়ে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান গতকাল বুধবার বৈঠক করলেও কোনো নিষ্পত্তি হয়নি বলে জানা গেছে। বাংলাদেশ জাহাজী শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কার্যালয়ে নৌমন্ত্রী ও কর্মকর্তারা প্রায় ৫০ জন মালিকের সঙ্গে বৈঠক করেন। ফেডারেশন নেতাদের সঙ্গে নৌমন্ত্রী আলাদাভাবে আলোচনা করবেন বলা হলেও তা হয়নি। যার জন্য ফেডারেশন নেতারা বৈঠকস্থল থেকে বেরিয়ে আসেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সন্ধ্যায় পাঠানো যুক্ত বিবৃতিতে ফেডারেশন সভাপতি শুক্কুর মাহমুদ ও সাধারণ সম্পাদক মোর্শেদ আবু বক্কর বলেন, ন্যূনতম ১১ হাজার টাকা বেতন-স্কেল নির্ধারণসহ দাবিগুলো মেনে নেওয়া না হলে পূর্বঘোষিত অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।
বিআইডব্লিউটিএর একজন কর্মকর্তা গতকাল রাতে জানান, তাঁরা সারা দিন চেষ্টা করেও সমস্যার সুরাহা করতে পারেননি।
দাবি আদায়ে গতকাল দুপুর ১২টা থেকে বরিশাল নৌবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল করে নৌযানশ্রমিক ইউনিয়ন ও সাধারণ শ্রমিকেরা।
নৌযানশ্রমিকদের অভিযোগ, দৈনিক ১৩০ টাকা মজুরিতে সাধারণ শ্রমিকদের কাজ করতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হলেও নৌযানশ্রমিকদের মজুরিকাঠামোতে কোনো পরিবর্তন আসেনি। দীর্ঘদিন ধরে মজুরি বৃদ্ধির দাবি জানালেও কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। শ্রমিকেরা তাঁদের নানা দুর্দশার কথা জানান প্রথম আলোকে।
গ্রিন ওয়াটার লঞ্চের শ্রমিক মো. নবীন আলম বলেন, এক দিন কাজ করে মাত্র ১৩০ টাকা মজুরি পান। সামান্য এই বেতন দিয়ে সংসার চলে না। পরিবার-পরিজন নিয়ে বেঁচে থাকার অবস্থাটুকুও নেই।
এমভি সাচনা লঞ্চের লস্কর আল আমিন বলেন, ‘সারা দিন খাটি, তারপর মাস শেষে যোগ হয় মাত্র ৩ হাজার ৩০০ টাকা। এ টাকা দিয়ে তো একজনের খরচই হয় না। ছেলেমেয়েদের খাওয়া-পরা চালাব কী করে।’
নৌযানশ্রমিক ইউনিয়ন বরিশালের সাধারণ সম্পাদক মাস্টার একিন আলী প্রথম আলোকে বলেন, ‘গত ২৬ জানুয়ারি দাবি আদায়ে নৌযান ধর্মঘটের ডাক দেওয়া হয়। এক মাসের মধ্যে দাবি পূরণ করার আশ্বাস দিয়ে ধর্মঘট স্থগিত করান নৌমন্ত্রী। কিন্তু দুই মাসের বেশি সময় অতিবাহিত হলেও দাবি পূরণে কোনো উদ্যোগ নাই। বাধ্য হয়ে নৌযানশ্রমিকেরা বৈঠক করে ধর্মঘটের ডাক দিয়েছে।