ধর্মঘটে বাঘাবাড়ী ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ী বন্দর ও জ্বালানি তেল ডিপোতে উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের শ্রমিকেরা গতকাল শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে উত্তরাঞ্চলের ১৬ জেলা এবং জামালপুর ও টাঙ্গাইলে জ্বালানি তেল সরবরাহ বন্ধ হয়ে যায়।
রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শামীম আলমের নেতৃত্বে ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক চলছিল। বৈঠকে শ্রমিক নেতারা আজ রোববার থেকে ধর্মঘট প্রত্যাহারের আশ্বাস দেন।
রংপুরে দুজন ট্যাংকলরি শ্রমিক খুনের ঘটনায় হত্যাকারীদের আটকের দাবিতে এ ধর্মঘট আহ্বান করা হয়। উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, গত ২১ মার্চ সন্ত্রাসীরা রংপুরে দিনাজপুর থেকে পাবনার নগরবাড়িতে ৭২০ বস্তা চাল নিয়ে আসার পথে ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সদস্য শাহজাদপুরের ননদহ গ্রামের ট্রাকচালক কোরাইশ খান ও নুকালী গ্রামের ট্রাকের সহকারী রমজান সরদারকে গলা কেটে হত্যার পর চাল লুট করে। সে সময় রংপুরের গলাকাটার মোড়ে ট্রাক ও লাশ দুটি ফেলে যায় তারা। এ ঘটনায় মামলা হলেও থানা-পুলিশ হত্যাকারীদের এখনো গ্রেপ্তার করতে পারেনি। এর প্রতিবাদে গতকাল সকাল সাড়ে আটটা থেকে ট্যাংকলরি শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন। এতে সিরাজগঞ্জের বাঘাবাড়ী ডিপো থেকে বিপিসির পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল কোম্পানির সব ধরনের জ্বালানি তেল উত্তরাঞ্চলসহ টাঙ্গাইল, জামালপুরে সরবরাহ বন্ধ হয়ে গেছে। একই সঙ্গে বাঘাবাড়ী বন্দর থেকে উত্তরবঙ্গে সার সরবরাহও বন্ধ হয়ে যায়।