ধর্মঘটে ভরসা ট্রেন, তাতেও ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা বিভাগের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বাসের জন্য অপেক্ষায় থেকে যাত্রীরা ট্রেনে উঠছেন। সেখানেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। ফাইল ছবি
খুলনা বিভাগের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। বাসের জন্য অপেক্ষায় থেকে যাত্রীরা ট্রেনে উঠছেন। সেখানেও পোহাতে হচ্ছে দুর্ভোগ। ফাইল ছবি

পরিবহন ধর্মঘটের কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলায় চলাচলের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ট্রেন। ট্রেনে যাত্রীর চাপ বেড়েছে। ছাড়ছে দেরিতে। খুলনা থেকে ছাড়া সব রুটের ট্রেনই গতকাল শনিবার দুই থেকে চার ঘণ্টা দেরিতে ছেড়েছে। যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে।
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার চিত্রা এক্সপ্রেসে চড়ে যশোরে আসার জন্য ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে গিয়ে বসলাম। ট্রেন ছাড়ল তিন ঘণ্টা দেরিতে। রাত সাড়ে ১০টায়। ট্রেনের প্রতিটি বগি মানুষে ঠাসা। এমনকি টয়লেট পর্যন্ত। তিল ধারণের ঠাঁই নাই কোথাও। নিরুপায় মানুষ ১০ ঘণ্টা ধরে দাঁড়িয়ে যশোর-খুলনায় পৌঁছেছে। এতে ট্রেনে আমার কামরায় থাকা দুই নারী অসুস্থ হয়ে পড়লেন। তাঁদের মাথায় পানি দিয়ে সুস্থ করা হলো।
ট্রেন কেন দেরিতে ছাড়ছে জানতে চাইলে আজ রোববার যশোর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মো. সাইদুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর অতিরিক্ত চাপের কারণে সময় ঠিক রাখা যাচ্ছে না। প্রতিটা স্টেশনে যাত্রী ওঠা-নামায় অনেক সময় নষ্ট হচ্ছে। যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’
সাইদুজ্জামানের ভাষ্য, স্বাভাবিক সময়ে যশোর জংশন থেকে দৈনিক আড়াই লাখ টাকার টিকিট বিক্রি হয়। পরিবহন ধর্মঘটের কারণে এখন সেখানে ছয় থেকে সাত লাখ টাকার টিকিট বিক্রি হচ্ছে। এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন তাঁরা।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১০ জেলার পরিবহন ধর্মঘট আজ ষষ্ঠ দিনে পড়েছে। নতুন করে রাজশাহী অঞ্চলে কাল সোমবার কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। যাত্রীদের জিম্মি করে চলা এই ধর্মঘট এখন প্রশাসনের সঙ্গে মালিক-শ্রমিকদের দ্বন্দ্বে রূপ নিয়েছে।
ফরিদপুরের মধুখালীতে সোহাগ পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে বাসচালক, সহকারী ও চেকারকে গত সোমবার গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মুক্তির দাবিতে পরদিন মঙ্গলবার থেকে খুলনা বিভাগের ১০ জেলায় আন্তজেলা ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধের ডাক দেয় দক্ষিণ-পশ্চিমাঞ্চল সড়ক পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ।
গতকাল শনিবার পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার হয়নি। এই বিষয়ে সরকারের সঙ্গে মালিক-শ্রমিকদের কোনো বৈঠকও হয়নি। উল্টো ধর্মঘট আহ্বানকারীরা তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন।

আরও জানতে পড়ুন: