ধর্মঘটে ভোমরা বন্দর দুই দিন ধরে অচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনসহ বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো গত রোববার সকাল থেকে ধর্মঘট ডাকায় বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি দুই দিন ধরে বন্ধ রয়েছে। ধর্মঘটের কারণে ভোমরা বন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় পণ্যবাহী পাঁচ শতাধিক ট্রাক আটকা পড়েছে। টাস্কফোর্সের অভিযানে ভারতীয় পোশাকসামগ্রী আটক, ছয়জনকে গ্রেপ্তার ও মামলার প্রতিবাদে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। এদিকে বিডিআরের হাতে আটক পণ্য ও গ্রেপ্তার হওয়া ছয়জনকে ছেড়ে দেওয়া এবং বিডিআরের অহেতুক হয়রানি বন্ধসহ চার দফা দাবিতে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশন রোববার বেলা সাড়ে ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে। এতে লিখিত বক্তব্য পড়েন ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি আশরাফুজ্জামান আশু। উপস্থিত ছিলেন সংগঠনের নেতা মোমতাজ আহমেদ, ট্রাক মালিক সমিতির সভাপতি মোনায়েম খান প্রমুখ। সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এনায়েক করিম জানান, ঢাকার আকা ট্রেডার্স মিথ্যা ঘোষণা ও বিপুল পরিমাণে শুল্ক ফাঁকি দিয়ে ৪ নভেম্বর ভারত থেকে বিপুল পরিমাণে পোশাকসামগ্রী আমদানি করে। ওই মাল ছাড় করায় ভোমরা বন্দরের সুলতান ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠান। ওই দিন সন্ধ্যায় সাতক্ষীরা শহরের বাঙ্গালের মোড় থেকে টাস্কফোর্সের সদস্যরা এসব পণ্যভর্তি দুটি ট্রাকসহ ছয়জনকে আটক করেন।ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী নওশাদ দিলওয়ার জানান, চার দফা দাবিতে রোববার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ভোমরা বন্দর কাস্টমস সুপার মোস্তফা কামাল জানান, ধর্মঘটের কারণে গত দুই দিন বন্দর দিয়ে পণ্য আমদানি-রপ্তানি হয়নি। বন্দর কার্যত অচল হয়ে পড়েছে। আটকা পড়েছে পাঁচ শতাধিক ট্রাক।