টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লিগ্রামের সালেহা বেগম (৫৫)। অসুস্থ স্বামী ছাদেক আলীর (৬৫) চিকি ৎ সা শেষে ছয় দিন ধরে ঢাকা থেকে বাড়ি ফেরার চেষ্টা করছেন। গতকাল সোমবার পর্যন্ত তিনি যেতে পারেননি।মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের ফারুক হুদার স্ত্রী মুন্নী বেগম। তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট আর দুর্ভোগের কথা চিন্তা করে প্রথমে অসুস্থ স্বামীকে নিয়ে ওই পথে যাওয়ার সাহস পাননি। পরে গত শনি, রবি পরপর দুই দিনি ট্রেনের টিকিট কাটতে গিয়েও পাননি। অবশেষে আবার যখন বাসে যাওয়ার মনস্থির করে মহাখালী বাস টার্মিনালে এলেন, সেখানে এসে দেখেন, ওই মহাসড়কে বাস চলাচল দুই দিন ধরে বন্ধ। বাধ্য হয়েই তিনি অসুস্থ স্বামীকে নিয়ে আবার ফিরে গিয়েছেন ঢাকার গুলবাগে মেয়ের বাসায়।গত কয়েক দিনের প্রবল বর্ষণে মহাসড়কটিতে যানজট চলছিল। এরপর প্রথমে ঢাকা-ময়মনসিংহ সড়ক এবং দুই দিন ধরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চালকেরা যান চলাচল বন্ধ করে দেওয়ায় দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। মহাসড়কে ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল সোমবার টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই বাসস্টেশনে গিয়ে দেখা যায়, একটি বাসে মহাসড়কের নাটিয়াপাড়া স্টেশন থেকে ঢাকায় যাওয়ার জন্য উঠেছিলেন নাটিয়াপাড়া গ্রামের হারুন মিয়া (৪০)। বাসটি গোড়াই পৌঁছার পর তিনি জানতে পারেন যে সামনে আর যাবে না। বাধ্য হয়ে হারুন মিয়া অতিরিক্ত ভাড়া দিয়ে প্রথমে টেম্পোতে কালিয়াকৈর, তারপর কালিয়াকৈর-নবীনগর সড়কে চলা বাসে নবীনগর এবং সেখান থেকে বাস বদলে ঢাকার গাবতলীর বাসে ওঠেন।এদিকে যাত্রীদের দুর্ভোগের কথা স্বীকার করে টাঙ্গাইল সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক লু ৎ ফর রহমান জানান, মহাসড়ক সংস্কার ও চার লেনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। কারণ এ অবস্থায় রাস্তায় গাড়ি চালানোটা যাত্রীদের জীবনের জন্যই ঝুঁকিপূর্ণ।মির্জাপুর সড়ক ও জনপথ উপবিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আবদুর রশিদ বলেন, পিরিয়ডিক মেনটেন্যান্স প্রোগ্রামের (পিএমপি) আওতায় গত রোববার থেকে শুরু হওয়া মহাসড়ক সংস্কারের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আকাশ ভালো থাকলে তা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তখন আর দুর্ভোগ থাকবে না।