ধর্মঘটে রাজশাহীতে অবৈধ যানবাহন উচ্ছেদ অভিযান
রাজশাহীতে নছিমন, করিমন, ভটভটি চলাচল ও পুলিশি হয়রানি বন্ধসহ ছয় দফা দাবিতে পরিবহন মালিক-শ্রমিকদের ডাকা ধর্মঘটের তৃতীয় দিনে গতকাল মঙ্গলবার অবৈধ যানবাহন উচ্ছেদে অভিযান পরিচালনা করেছে প্রশাসন৷
গতকাল দুপুরে রাজশাহীর নয়টি উপজেলায় এ অভিযান শুরু হয়৷ এ কারণে জেলা ও উপজেলা শহরের রাস্তায় সেচযন্ত্রচালিত নছিমন, করিমন, ভটভটি ও ট্রাক্টর তেমন চলাচল করেনি৷
রাজশাহীর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, ২০ মে থেকে মহাসড়কে অবৈধ যানবাহন চলাচলবিরোধী অভিযান শুরু হয়েছে৷ গতকাল থেকে সেটি আরও জোরদার করে উপজেলা পর্যায়েও শুরু করা হয়েছে৷ পুলিশের সহযোগিতায় নিজ নিজ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ অভিযানে নেতৃত্বে দিচ্ছেন৷ এ ছাড়া, মহানগর ও আশপাশের এলাকায় অভিযান পরিচালনার জন্য দুজন ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে৷ অভিযানে ইতিমধ্যেই বেশ কয়েকটি সেচযন্ত্রচালিত যানবাহন তৈির ও মেরামত কারখানা সিলগালা করা হয়েছে৷
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ বলেন, জেলা প্রশাসকের নির্দেশে বেলা সাড়ে ১১টা থেকে ইউএনও খন্দকার ফরহাদ আহমেদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়৷ অভিযানের শুরুতেই উপজেলার বানেশ্বর এলাকায় ভাই ভাই ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও জনপ্রিয় সাইকেল স্টোর সিলগালা করে দেওয়া হয়৷
পবা উপজেলায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের বায়া এলাকায় বেলা দেড়টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের ভ্রাম্যমাণ আদালত কাঠবাহী একটি নছিমন আটক করেন৷ এ সময় মহাসড়কে ওঠার দায়ে চালক বছির উদ্দিনের এক হাজার টাকা জরিমানা করা হয়৷
বাঘা থানার ওসি আমিনুর রহমান বলেন, তিনি উপজেলার মহাসড়কে ভটভটি উঠতে দেননি। দুটি গাড়ি মহাসড়কে উঠেছিল। তাদের আটক করা হয়েছে৷
অপরদিকে বাগমারা উপজেলায় অবৈধ ভটভটি তৈিরর তিনটি কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে৷ গতকাল দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদেকুল ইসলাম ভবানীগঞ্জ, চানপাড়া ও তাহেরপুরে ওই তিনটি কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন৷ এ সময় আদালতের উপস্থিতি টের পেয়ে কারখানার কর্মচারী ও মালিকেরা সটকে পড়েন৷ পরে কারখানা তিনটি সিলগালা করে দেওয়া হয়৷
৩০ ভটভটিচালককে জরিমানা
অামাদের নাটোর প্রতিনিধি জানান, নাটোর-পাবনা মহাসড়কে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর থেকে আহম্মেদপুর পর্যন্ত বিভিন্ন স্থানে ৩০টি ভটভটিচালককে জরিমানা করা হয়েছে৷ ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শওকাত আলী এই দণ্ড দেন৷
অবৈধভাবে মহাসড়কে ভটভটি চালানোর দায়ে চালকদের আটক করা হয়৷ পরে তাঁদের মোট ছয় হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷ তবে জরিমানা দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়৷