রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের শিক্ষানবিশ চিকিৎসকেরা অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন। শিক্ষানবিশ নারী চিকিৎসকদের নিরাপত্তা এবং হাসপাতাল এলাকা মাদকমুক্ত করার দাবিতে গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এ ধর্মঘটের ডাক দেন। ধর্মঘটের কারণে হাসপাতালের চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
হোস্টেল সূত্র ও কয়েকজন শিক্ষানবিশ চিকিৎসক জানান, গত সোমবার গভীর রাতে নারী শিক্ষানবিশ চিকিৎসকদের হোস্টেলের পেছনের গ্রিল কেটে দুর্বৃত্তরা ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ ঘটনার প্রতিকার চেয়ে গতকাল সকালে শিক্ষানবিশ চিকিৎসকেরা বিক্ষোভ করেন। বিক্ষোভকারীরা নারী চিকিৎসকদের সার্বিক নিরাপত্তা, হাসপাতাল এলাকায় মাদকসেবী ও বখাটেদের অবাধ বিচরণ বন্ধের দাবি জানান। সকাল থেকে শুরু হওয়া বিক্ষোভে ১৮৪ জন শিক্ষানবিশ চিকিৎসক অংশ নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।