ধর্মঘটে শিক্ষার্থী উপস্থিতি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজ্ঞানমনস্ক লেখক ও ব্লগার অভিজিৎ রায়ের হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালিত হয়েছে। বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল।
ধর্মঘট উপলক্ষে বিশ্ববিদ্যালয় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলোয় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা ছিল। খোঁজ নিয়ে জানা গেছে, বেশির ভাগ বিভাগেই শিক্ষার্থীরা ক্লাস করতে আসেননি। তবে কয়েকটি বিভাগে নির্ধারিত ক্লাস হয়েছে, পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাস চলাচল করেছে।
প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বিপ্লবী ছাত্র মৈত্রী এ ধর্মঘটের ডাক দেয়। গতকাল সকাল সাতটা থেকে দুপুর ১২টা পর্যন্ত জোটের নেতা-কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন। সোয়া ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল করে তাঁরা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হয়ে একটি সমাবেশ করেন।
সমাবেশে ছাত্র ইউনিয়নের সভাপতি হাসান তারেকের সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক লাকী আক্তার, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান, ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক সাদিকুর রহমান প্রমুখ। একই দাবিতে আজ মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে ছাত্র-শিক্ষক-বুদ্ধিজীবী-জনতা সংহতি সমাবেশ করবে প্রগতিশীল ছাত্রজোট।