ধর্মঘটে সকালে ক্যাম্পাসে কোনো ট্রেন যেতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র ইউনিয়নের ডাকা ধর্মঘটে গতকাল মঙ্গলবার নগরের বটতলী স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেন আটকে দেওয়া হয়। এতে সকালের কোনো ট্রেন ক্যাম্পাসে যেতে পারেনি।
সূত্র জানায়, ক্যাম্পাসমুখী সকাল পৌনে আটটা ও সাড়ে আটটার দুটি ট্রেন আটকে দেওয়া হয়। এ দুটি ট্রেন আটকে দেওয়ার কারণে পৌনে নয়টার ও সাড়ে দশটার ট্রেনও ক্যাম্পাসে যেতে পারেনি। এতে বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা চরম বিপাকে পড়েন। পরে প্রক্টরের আহ্বানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট তুলে নিলে দুপুর ১২টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলা বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি এবং ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট ডাকে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। এই ধর্মঘটে সমর্থন দেয় বামপন্থী ছাত্রসংগঠনগুলোর দুটি জোট, কেন্দ্রীয় প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্র ঐক্য।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, ধর্মঘটের অংশ হিসেবে সকাল সাতটা থেকে নগরের বটতলী স্টেশনে অবস্থান নেন ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীরা। তাঁরা এ সময় শাটল ট্রেনের চালককে ট্রেন না চালাতে অনুরোধ করেন। ফলে ট্রেন চলাচল বন্ধ রাখে রেল কর্তৃপক্ষ। পরে নেতা-কর্মীরা দুটি শাটল ট্রেনের সামনে অবস্থান নিয়ে সমাবেশ করেন।
সমাবেশে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশিদুল সামির, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান কামরুল, প্রচার সম্পাদক মির্জা ফখরুল, ছাত্র ফ্রন্টের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফজলে রাব্বী ও সদস্য সালমা আক্তার।
বক্তারা বলেন, পয়লা বৈশাখে নারী নিপীড়নকারীদের চেহারা ক্লোজড সার্কিট ক্যামেরায় স্পষ্ট দেখা গেলেও প্রশাসন তাদের গ্রেপ্তার করেনি। উল্টো প্রতিবাদকারীদের ওপর হামলা করা হলো। এতে করে রাষ্ট্র নিপীড়কদের সহায়তাকারীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। দেশের ছাত্রসমাজ এ অন্যায় কখনো মেনে নেবে না।
এদিকে শাটল ট্রেন আটকে দেওয়ায় বিশ্ববিদ্যালয়গামী শিক্ষার্থীরা বিপাকে পড়েন। অনেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে না গিয়ে বাসায় ফিরে যেতে দেখা গেছে। যাঁদের পরীক্ষা ছিল, তাঁরা বাসে করে ক্যাম্পাসে যান।
তবে ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাশিদুল সামির দাবি করেন সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণেই ধর্মঘট পালিত হয়েছে।
ষোলশহর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আরব আলী জানান, ধর্মঘটের কারণে সকালে কোনো ট্রেনই ক্যাম্পাসে যেতে পারেনি। তবে ধর্মঘট তুলে নিলে দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ জানান, ধর্মঘটের কারণে বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষায় ব্যাঘাত ঘটেনি। শিক্ষার্থীরা বাসে করে এসে ক্লাস-পরীক্ষায় অংশ নেন। তবে শিক্ষার্থীদের উপস্থিতি সন্তোষজনক ছিল না।