ধর্মঘটে সদরঘাট ফাঁকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৌযানশ্রমিকদের লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ফঁাকা সদরঘাট। ছবি: ফোকাস বাংলা
নৌযানশ্রমিকদের লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিনে আজ শুক্রবার ফঁাকা সদরঘাট। ছবি: ফোকাস বাংলা

নৌযানশ্রমিকদের লাগাতার ধর্মঘটের দ্বিতীয় দিন আজ শুক্রবার। ঢাকা নৌবন্দরের সদরঘাট টার্মিনালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুট থেকে ১২টির মতো লঞ্চ এসেছে। তিনটি বেসরকারি লঞ্চ চাঁদপুরের উদ্দেশে ছেড়ে গেছে।

চাঁদপুর ও শরীয়তপুরগামী কিছু যাত্রী টার্মিনালে লঞ্চের অপেক্ষায় বসে আছে। চাঁদপুরগামী মো. মিনহাজউদ্দিন বলেন, সকাল সাড়ে আটটার দিকে তিনি টার্মিনালে এসেছেন। লঞ্চ পাননি। একটি লঞ্চ ছাড়লেও এতে উঠতে পারেননি।

নৌযান শ্রমিক লীগের সভাপতি এনায়েত হোসেন বলেন, ১৫ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে। তাঁর ভাষ্য, কর্মচারীদের দিয়ে কিছু লঞ্চ চালানো হচ্ছে। নৌযান শ্রমিকেরা লঞ্চ চালানো থেকে বিরত রয়েছে।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী গত বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে লাগাতার ধর্মঘট শুরু করেছেন নৌযানশ্রমিকেরা। এতে একদিকে দুর্ভোগে পড়েছে যাত্রীরা, অন্যদিকে বন্দরগুলোতে বন্ধ রয়েছে জাহাজে পণ্য বোঝাই-খালাস ও পরিবহন। চট্টগ্রাম বন্দরসহ বিভিন্ন স্থানে শত শত জাহাজ ও নৌযানে অন্তত ২০ লাখ টন পণ্য আটকা পড়ে আছে।

সর্বনিম্ন মজুরি ১১ হাজার টাকা নির্ধারণ, নৌপথে সন্ত্রাস-চাঁদাবাজি বন্ধ করা, নৌ-নিরাপত্তাসহ ১৫ দফা দাবি আদায়ে বাংলাদেশ নৌযান ফেডারেশন ও নৌযান শ্রমিক ইউনিয়ন একযোগে এই ধর্মঘট ডেকেছে।