ছাড়পত্র গ্রহণে কাস্টমস কর্তৃপক্ষের ঘুষ ও হয়রানির প্রতিবাদে ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সিঅ্যান্ডএফ এজেন্টরা গতকাল বুধবার ধর্মঘট শুরু করেছেন। এতে ইপিজেডে পণ্য সরবরাহ বন্ধ থাকায় রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে।
সিঅ্যান্ডএফ এজেন্টদের সংগঠন কাস্টম এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের কর্মকর্তারা বলেন, ডিইপিজেডে ১০৪টি কারখানা রয়েছে। এসব কারখানায় পণ্য সরবরাহ এবং বের করার আগে কাস্টমস কর্তৃপক্ষের কাছ থেকে ছাড়পত্র নিতে হয়। এ জন্য ইপিজেডের পশ্চিম জোনে কাস্টমসের একটি কার্যালয় রয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্টরা সেখান থেকে ছাড়পত্র নিয়ে পণ্য সরবরাহের ব্যবস্থা করে আসছিলেন। কিন্তু গতকাল থেকে কাস্টমস কর্তৃপক্ষ পূর্ব জোনেও তাদের কার্যক্রম সম্প্রসারণ করে। এর ফলে ছাড়পত্রের জন্য এজেন্টদের উভয় জোনেই ধরনা দিতে হবে। এতে তাঁদের ভোগান্তি বাড়বে।
ইউনিয়নের সভাপতি এস এম আসাদুল হোসেন বলেন, এ সিদ্ধান্ত বাতিল করা না হলে ধর্মঘট চলবে।
এজেন্টরা বলেন, একটি ছাড়পত্রের জন্য কাস্টমস কর্তৃপক্ষ তাঁদের কাছ থেকে নানা অজুহাতে ২৫ থেকে ৩০ হাজার টাকা ঘুষ নিয়ে থাকে। বাড়তি শ্রমের বিনিময়ে দ্রুত ছাড়পত্র দেওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে তাঁরা অতিরিক্ত অর্থ আদায় করে। কাস্টমস কার্যক্রম সম্প্রসারিত করার মধ্য দিয়ে হয়রানির পাশাপাশি ঘুষের পরিমাণও বেড়ে যাবে।
পরিচয় গোপন রাখার শর্তে ডিইপিজেডের পশ্চিম জোনের একটি পোশাক কারখানার মহাব্যবস্থাপক (জিএম) বলেন, ধর্মঘটের কারণে গতকাল তাঁর প্রতিষ্ঠানে পণ্য ঢোকেনি। ধর্মঘট অব্যাহত থাকলে দুএক দিনের মধ্যে তাঁর কারখানায় কাঁচামালের অভাবে উৎপাদন বন্ধ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য তাঁর কারখানায় ৯৮ হাজার ৩১২টি জামা প্রস্তুত করা হয়েছে। আজ বৃহস্পতিবার এ পণ্যের শিপমেন্ট হওয়ার কথা। কিন্তু ধর্মঘটের কারণে পণ্য বের হওয়ার ছাড়পত্র নেওয়া সম্ভব হয়নি। ফলে তাঁর কারখানার পণ্য রপ্তানি অনিশ্চিত হয়ে পড়েছে। কাস্টমস কর্তৃপক্ষ নানা অজুহাতে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাধ্যমে তাঁদের কাছ থেকে ঘুষ নেয়।
ডিইপিজেড কাস্টমসের সহকারী কমিশনার ইমতিয়াজ আহাম্মেদ বলেন, কারখানার মালিকদের দ্রুত সেবা দেওয়ার জন্য ২০১৪ সালে পূর্ব জোনে কাস্টমসের কার্যক্রম সম্প্রসারণ করা হয়। কিন্তু এজেন্টদের দাবির কারণে তা স্থগিত করা হয়। গতকাল থেকে আবার পূর্ব জোনে কার্যক্রম চালু করা হয়। ছাড়পত্র দেওয়ার সময় ঘুষ আদায় ও হয়রানি করা হয় না।
ডিইপিজেডের মহাব্যবস্থাপক আবদুস সোবাহান বলেন, ‘সিঅ্যান্ডএফ এজেন্টদের ধর্মঘট ও পণ্য সরবরাহ বন্ধের তথ্য আমার কাছে নেই। এ বিষয়ে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ তবে ডিইপিজেডের একজন পদস্থ কর্মকর্তা সিঅ্যান্ডএফ এজেন্টদের ধর্মঘটের বিষয়টি নিশ্চিত করেছেন।