ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের ডাকা ধর্মঘটে গতকাল বৃহস্পতিবার নির্ধারিত সব পরীক্ষা হয়েছে। তবে ক্লাস হয়েছে কিছু বিভাগে। ধর্মঘটের সমর্থনে সকালে ছাত্রদলের একটি মিছিল ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করলে বেশির ভাগের পরিচয়পত্র না থাকায় পুলিশ তাঁদের ঢুকতে দেয়নি।এদিকে ধর্মঘটের প্রতিবাদে ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সমাবেশে ছাত্রলীগ ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির জন্য ছাত্রদলকে দায়ী করে এবং সন্ত্রাসীদের বিচারের দাবি জানায়। ছাত্রদলের পদবঞ্চিতদেরও ক্যাম্পাসে দেখা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রদলের দুই শতাধিক নেতা-কর্মী ধর্মঘটের সমর্থনে একটি মিছিল নিয়ে সকাল সাড়ে আটটার দিকে শাহবাগ দিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। মিছিলে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক ওবায়দুল্লাহ নাসির, মাহফুজুর রহমান ও গোলাম মোস্তফা ছিলেন। শাহবাগে পুলিশ মিছিলটি আটকে দিয়ে তাঁদের পরিচয়পত্র দেখতে চায়। এরপর মিছিলটি কাঁটাবনের দিকে চলে যায়।খালেদা জিয়ার বিবৃতি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত বুধবার এক বিবৃতিতে বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রীর দেশ বিকিয়ে দেওয়ার অপচেষ্টার বিরুদ্ধে যখন জাতীয়বাদী দেশপ্রেমিক শক্তি এক হচ্ছে এবং আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, তখনই রাজপথের সৈনিক ছাত্রদলের ওপর হামলা চালিয়ে এবং মামলা দিয়ে আন্দোলন রুদ্ধ করার ষড়যন্ত্র চলছে।