ধর্মঘটের দ্বিতীয় দিনেও চট্টগ্রাম থেকে রড পরিবহন বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রড পরিবহনকারী ট্রাকমালিকদের ধর্মঘটের কারণে গতকাল সোমবার দ্বিতীয় দিনেও চট্টগ্রাম থেকে সারা দেশে রড পরিবহন বন্ধ ছিল। এ কারণে চট্টগ্রামে অবস্থিত রড তৈরির কারখানাগুলো ক্রেতাদের কাছে রড সরবরাহ করতে পারেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রডবোঝাই ট্রাকে অব্যাহত ডাকাতির প্রতিবাদে গত রোববার সকাল থেকে এই ধর্মঘট পালন করছেন রড পরিবহনকারী ট্রাকের মালিকেরা। আন্তজেলা মালামাল পরিবহন সংস্থা ট্রাক-কাভার্ডভ্যান মালিক সমিতির অঙ্গসংগঠন ‘রড ও লৌহজাতপণ্য পরিবহন মালিক ঐক্য পরিষদ’-এর ব্যানারে এই ধর্মঘট চলছে। ঐক্য পরিষদের আহ্বায়ক আবু মোজাফফর গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে। প্রশাসন থেকে এখনো তাঁরা কোনো ব্যবস্থা নেওয়ার আশ্বাস পাননি বলে তিনি জানান। হাইওয়ে পুলিশের সহকারী মহাপুলিশ পরিদর্শক (এআইজি) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের আগে আমরা ট্রাকমালিক-শ্রমিকনেতাদের সঙ্গে বৈঠক করেছি। ট্রাক চুরি ও ছিনতাই রোধে পণ্য পরিবহনকারী প্রতিটি গাড়িতে গাড়ির অবস্থান শনাক্তকরণ যন্ত্র জিপিএস (গ্লোবাল পজিশনিং সিস্টেম) সংস্থাপনের জন্যও বলেছিলাম তাঁদের। এ ছাড়া চালক ও সহকারীদের পরিচয়পত্র দেওয়ার জন্যও গাড়ির মালিকদের বলা হয়েছে। কিন্তু এসব পদক্ষেপ বাস্তবায়ন না করে তাঁরা ধর্মঘট ডেকেছেন।’ জানা গেছে, ধর্মঘটের সমর্থনে চট্টগ্রামের রড তৈরির কারখানার সামনে ও মহাসড়কের নানা স্থানে ঐক্য পরিষদের কর্মীরা রড পরিবহনকারী ট্রাক চলাচলে বাধা দেন। এ কারণে যেসব কোম্পানির নিজস্ব পরিবহনব্যবস্থা রয়েছে, তারাও রড পরিবহন করতে পারেনি। রড উৎপাদনকারী-প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম) লিমিটেডের নির্বাহী পরিচালক তপন সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ধর্মঘটের কারণে গত দুই দিন কারখানা থেকে রড পরিবহন হয়নি।