ধর্মঘটের দ্বিতীয় দিনেও ভোগান্তি

পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও দেশের বিভিন্ন স্থানে সাধারণ যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে। স্ট্যান্ড, বিভিন্ন সড়কের মোড় ও টার্মিনালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা বাস পায়নি। কিছু স্থানে তিন-চার গুণ বেশি ভাড়া নিয়ে অটোরিকশার চালকেরা যাত্রী পরিবহন করেছেন। তবে দুপুরে কর্মসূচি প্রত্যাহারে পর বিকেলে থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
সকাল থেকে ময়মনসিংহ শহরের পাটগুদাম ও মাসকান্দা বাস টার্মিনাল থেকে কোনো বাস ছেড়ে যায়নি। গতকাল দুপুরের পর পরিবহন ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার এক ঘণ্টা পর থেকে যান চলাচল শুরু হলেও সংখ্যায় তা খুব কম ছিল।
কিশোরগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে সকালে গাইটাল বাসস্ট্যান্ড ও বত্রিশ বাসস্ট্যান্ডে এসে যাত্রীদের অসহনীয় যন্ত্রণায় পড়তে হয়। বাধ্য হয়ে অনেকে সিএনজিচালিত অটোরিকশায় তিন-চার গুণ বেশি ভাড়া দিয়ে গন্তব্যে যায়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে গাইটাল বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, অনেক যাত্রী ছেলেমেয়েসহ বড় ব্যাগ ও বস্তা নিয়ে গন্তব্যে যাওয়ার জন্য অপেক্ষা করছেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চরদেহুন্দা গ্রামের অযুফা আক্তার পরিবারের চার সদস্যকে নিয়ে গাজীপুরের বাসায় যাওয়ার উদ্দেশে সকালে শহরের গাইটাল বাসস্ট্যান্ডে আসেন। তিনি বলেন, ‘ধর্মঘটের কথা জানলে কখনো আসতাম না। এখন বাধ্য হয়ে দেড় শ টাকা ভাড়ার জায়গায় জনপ্রতি চার শ টাকায় সিএনজি দিয়ে যেতে হচ্ছে।’
ধর্মঘটে শেরপুর জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। এ কারণে গ্রাম থেকে জেলা সদরে আসা এসএসসি পরীক্ষার্থীরাও বিড়ম্বনায় পড়ে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিবহনশ্রমিকেরা পরীক্ষার্থীদের চলাচলে বাধা দেওয়া থেকে বিরত থাকে। অবশ্য বিকেলে ধর্মঘট প্রত্যাহার করা হলে যাত্রী ও জনমনে স্বস্তি ফিরে আসে। জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা বলেন, বিকেল চারটা থেকে রাজধানী ঢাকাসহ দূরপাল্লা ও জেলার অভ্যন্তরীণ রুটে বাস চলাচল করছে।
ধর্মঘট চলাকালে গাড়ি চালিয়ে যাওয়ার সময় জামালপুরের সরিষাবাড়ী উপজেলার একুশের মোড় এলাকায় গতকাল বুধবার ব্যক্তিগত গাড়ির এক চালককে পরিবহনশ্রমিকেরা পিটিয়ে আহত করেছেন।
আহত চালকের নাম সুলতান মিয়া (৩০)। পথচারীরা তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। তাঁর বাড়ি সিরাজগঞ্জ জেলা শহরে।
প্রত্যক্ষদর্শী ও তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়ন সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সরিষাবাড়ী থেকে একটি ব্যক্তিগত গাড়ি সিরাজগঞ্জের উদ্দেশে রওনা দেয়। গাড়িটি সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কের একুশের মোড় এলাকায় পৌঁছালে পরিবহনশ্রমিকেরা চালক সুলতান মিয়াকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করেন।
সুলতান মিয়া বলেন, ‘ধর্মঘট চলকালে গাড়ি চালিয়ে যাওয়ার সময় পরিবহনশ্রমিকেরা আমাকে গাড়ি থেকে নামিয়ে পিটিয়ে আহত করে।’
তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, পরিবহন ধর্মঘট চলাকালে গাড়ি চালিয়ে যাওয়ার সময় শ্রমিকেরা চালককে নামিয়ে চড়-থাপ্পড় দিয়েছেন।
তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
ধর্মঘটের কারণে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তারাকান্দিতে অবস্থিত যমুনা সার কারখানা থেকে গত দুই দিন সার পরিবহন বন্ধ রয়েছে। ধর্মঘট তুলে নেওয়ায় আজ বৃহস্পতিবার সার পরিবহন শুরু হওয়ার কথা রয়েছে। কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান জাবেদ আনোয়ার গতকাল বলেন, কারখানা থেকে দুটি পালায় ট্রাকে করে সার পরিবহন করা হয়। এর একটি শুরু হয় সকাল ছয়টায়, অপরটি বেলা দুইটায়। আজ (গতকাল) বিকেলে ধর্মঘট তুলে নেওয়া হলেও দুপুরের পালার শ্রমিকেরা আসেননি। তাই দুই দিন কারখানা থেকে সার পরিবহন হয়নি। এ কারখানা থেকে ১৯ জেলায় সার পরিবহন করা হয়। তারাকান্দি ট্রাকচালক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, আজ বৃহস্পতিবার কারখানা থেকে সার পরিবহন শুরু হবে।
ধর্মঘটে সিলেট কার্যত অবরুদ্ধ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ সুরমার কদমতলীতে ঢাকা-সিলেট মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্টেশন থেকে কোনো যানবাহন চলাচল করেনি। নগরের ভেতরে বিচ্ছিন্নভাবে কিছু সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও সেগুলো পরিবহনশ্রমিকদের বাধার মুখে পড়েছে। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় বিকেল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ধর্মঘট চলাকালে সরেজমিনে দেখা গেছে, সিলেটের দুই বাসস্টেশনসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানরত পরিবহনশ্রমিকেরা অটোরিকশাসহ বিভিন্ন প্রাইভেট যান আটকে দিতে গিয়ে বচসায় জড়িয়েছেন। দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর, চণ্ডীপুল, কদমতলী, তামাবিল মহাসড়কের প্রবেশমুখ টিলাগড়, শািহ ঈদগাহ ও সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও, তেমুখী এলাকায় পরিবহনশ্রমিকদের অবস্থান দেখা গেছে।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট, ময়মনসিংহ অফিস এবং কিশোরগঞ্জ, শেরপুর ও সরিষাবাড়ী প্রতিনিধি)