
পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিন গতকাল বুধবারও দেশের বিভিন্ন স্থানে সাধারণ যাত্রীরা দুর্ভোগের শিকার হয়েছে। স্ট্যান্ড, বিভিন্ন সড়কের মোড় ও টার্মিনালে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও তারা বাস পায়নি। কিছু স্থানে তিন-চার গুণ বেশি ভাড়া নিয়ে অটোরিকশার চালকেরা যাত্রী পরিবহন করেছেন। তবে দুপুরে কর্মসূচি প্রত্যাহারে পর বিকেলে থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এদিকে ধর্মঘট চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুলিশের সঙ্গে সংঘর্ষে এক শ্রমিকনেতাসহ ১০ জন আহত হন। ঢাকার সাভারে ট্রাক চাপা দিয়ে এক নারীকে হত্যার দায়ে সোমবার এক চালকের মৃত্যুদণ্ডাদেশ দেন আদালত। এর প্রতিবাদে গত মঙ্গলবার সকাল থেকে পরিবহনশ্রমিকদের ডাকে এই ধর্মঘট শুরু হয়।
ধর্মঘটে সিলেট কার্যত অবরুদ্ধ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত দক্ষিণ সুরমার কদমতলীতে ঢাকা-সিলেট মহাসড়কের কেন্দ্রীয় বাস টার্মিনাল ও সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও বাসস্টেশন থেকে কোনো যানবাহন চলাচল করেনি। নগরের ভেতরে বিচ্ছিন্নভাবে কিছু সিএনজিচালিত অটোরিকশা চলাচল করলেও সেগুলো পরিবহনশ্রমিকদের বাধার মুখে পড়েছে। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণায় বিকেল থেকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ধর্মঘট চলাকালে সরেজমিনে দেখা গেছে, সিলেটের দুই বাসস্টেশনসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থানরত পরিবহনশ্রমিকেরা অটোরিকশাসহ বিভিন্ন প্রাইভেট যান আটকে দিতে গিয়ে বচসায় জড়িয়েছেন। দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর, চণ্ডীপুল, কদমতলী, তামাবিল মহাসড়কের প্রবেশমুখ টিলাগড়, শািহ ঈদগাহ ও সিলেট-সুনামগঞ্জ সড়কের কুমারগাঁও, তেমুখী এলাকায় পরিবহনশ্রমিকদের অবস্থান দেখা গেছে।
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর এলাকা সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ইদন মিয়া ও সাংগঠনিক সম্পাদক কাওসার মিয়ার নেতৃত্বে অবরোধ করে রাখা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বিআরটিসির একটি বাস ওই এলাকায় পৌঁছালে শ্রমিকেরা এতে হামলা চালিয়ে ভাঙচুর শুরু করেন। এ সময় তাঁরা বেশ কয়েকটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর এবং বেশ কয়েকজন চালককে মারধর করেন। এতে বাধা দিলে শ্রমিকেরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এ সময় পুলিশ ও পরিবহনশ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ৫৭টি রাবার বুলেট ছোড়ে। এতে শ্রমিকনেতা কাওসার মিয়া, শ্রমিক ইমরান মিয়া, শাকিল মিয়া, রুবেল হোসেন, জামাল উদ্দিন, জহির উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হন।
ইদন মিয়া মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমরা সকাল থেকে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করছিলাম। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ বিনা কারণে আমাদের ওপর গুলি ছোড়ে। এতে আমাদের ১০-১২ জন লোক গুলিবিদ্ধ হয়েছে।’
এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দিন বলেন, শ্রমিকসংগঠনের লোকজন গাড়ি ভাঙচুর করতে থাকে। একপর্যায়ে তারা মেঘনা নদীর ভৈরব-আশুগঞ্জ সেতুর আশুগঞ্জ টোল প্লাজায় হামলা চালানোর চেষ্টা করে। এতে পুলিশ আইনশৃঙ্খলার রক্ষার্থে রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
ভোর হওয়ার আগেই পরিবহনশ্রমিকেরা কুমিল্লা নগরের আশ্রাফপুর বাস টার্মিনাল, শাসনগাছা বাস টার্মিনাল ও চকবাজার বাসস্ট্যান্ডে গিয়ে অবস্থান নেন। এরপর তাঁরা কোনো বাস চলতে দেননি। সরেজমিনে বেলা ১১টায় শাসনগাছা বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, কুমিল্লা থেকে ঢাকা, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়াগামী দূরপাল্লার বাসগুলো দাঁড়িয়ে আছে। একই অবস্থা আন্তজেলা সড়কগুলোতে চলাচলকারী বাসগুলোরও। নগরের আশ্রাফপুর বাস টার্মিনাল ও চকবাজার বাসস্ট্যান্ডেও একই অবস্থা।
সুনামগঞ্জের বিভিন্ন স্থানে বাসের পাশাপাশি ইজিবাইক, মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি চলাচল করতেও বাধা দেওয়া হয়েছে। সকাল থেকে সুনামগঞ্জ জেলা শহরের ওয়েজখালী এলাকার কেন্দ্রীয় বাস টার্মিনালে ছিল যাত্রীদের ভিড়। কিন্তু বেলা আড়াইটা পর্যন্ত কোনো বাস চলাচল না করায় অনেকেই তাঁদের নির্ধারিত গন্তব্যে যেতে পারেননি। ওয়েজখালী এলাকার বাসিন্দা আবিদা খানম বলেন, ‘ছেলেকে স্কুলে নিয়ে যাচ্ছিলাম। পথে ইজিবাইক থেকে শ্রমিকেরা নামিয়ে দিয়েছে। এখন হেঁটে বাড়ি ফিরে যাচ্ছি।’
গতকাল বেলা তিনটা পর্যন্ত মৌলভীবাজার জেলায় দূরপাল্লার কোনো বাস আসেনি ও ছেড়ে যায়নি। ধর্মঘট প্রত্যাহারের পর কিছু বাস চলাচল শুরু করে। বিকেল চারটার পর ঢাকার উদ্দেশে দূরপাল্লার বাস মৌলভীবাজার থেকে ছেড়ে যায়। সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত মৌলভীবাজার-বড়লেখা-চান্দগ্রাম সড়কের বড়লেখা উপজেলা সদরের উত্তর চৌমোহনী, উত্তরবাজার, মধ্যবাজার, দক্ষিণবাজার, পাখিয়ালা চৌমোহনী, কাঁঠালতলী, রতুলি, চান্দগ্রামসহ বিভিন্ন স্থানে পরিবহনশ্রমিকেরা সড়ক অবরোধ ও টায়ারে অগ্নিসংযোগ করেছেন।
ধর্মঘটে শেরপুর জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সব রুটে বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল।
(প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিলেট ও কুমিল্লা; সুনামগঞ্জ অফিস এবং ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার ও শেরপুর প্রতিনিধি)