ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টি মেনে নেওয়া হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান নৌপরিবহন শ্রমিকদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ধর্মঘটের নামে নৈরাজ্য সৃষ্টি মেনে নেওয়া হবে না। ধর্মঘট প্রত্যাহার করে কাজে যোগ না দিলে শ্রমিকদের লাইসেন্স বাতিল করা হবে বলেও সতর্ক করেন তিনি। গতকাল শুক্রবার খুলনার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এক বৈঠকে তিনি এ কথা বলেন। এদিকে লাগাতার ধর্মঘটে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায় থাকা বড় জাহাজের সংখ্যা বেড়ে ২৬-এ দাঁড়িয়েছে।নৌপরিবহনমন্ত্রী গতকাল সকাল ১০টার দিকে খুলনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্থানীয় প্রশাসন, পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), কোস্টগার্ড, মংলা পোর্ট, লঞ্চ মালিক সমিতি, কার্গো ভেসেল মালিক সমিতিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে যোগ দেন। প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। তবে ধর্মঘটের নামে অরাজকতা ও দেশবাসীকে জিম্মি করে নৈরাজ্য সৃষ্টি মেনে নেওয়া হবে না।’নৌ-শ্রমিকদের ডাকা ধর্মঘটে খুলনা অঞ্চলে নেতৃত্ব দেওয়ার অভিযোগে সাত নেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন মন্ত্রী। এ লক্ষ্যে তিনি খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেকের নেতৃত্বে একটি কমিটি গঠনের পরামর্শ দেন।খুলনা জেলা প্রশাসক মো. জমসের আহাম্মদ খন্দকারের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তৃতা করেন সিটি মেয়র তালুকদার আবদুল খালেকসহ ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, পুলিশ সুপার এবং মংলা পোর্ট, র‌্যাব, কোস্টগার্ড, নৌপরিবহন মালিক সমিতি ও রাজনৈতিক দলের নেতারা।এদিকে গতকাল সন্ধ্যায় বাংলাদেশ লঞ্চ মালিক সমিতির খুলনা শাখার সাধারণ সম্পাদক মো. ইকবাল প্রথম আলোকে জানান, তাঁরা মন্ত্রীর হুঁশিয়ারি উপেক্ষা করে ধর্মঘট অব্যাহত রেখেছেন। শ্রমিক নেতারা পলাতক রয়েছেন।উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় গতকাল সন্ধ্যায় খুলনা টার্মিনাল ভবনে মেয়র, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট বিভাগের শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা ও নৌমালিক সমিতির নেতারা বৈঠক করেন। তাঁরা শ্রমিকদের কাজে যোগ দেওয়ার জন্য আবারও আহ্বান জানান।এদিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা জাহাজ থেকে গতকালও পণ্য খালাস করা হয়েছে। বহির্নোঙরে গতকাল অন্তত ২৬টি জাহাজ ছিল। এসব জাহাজে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার, গম, চাল, লবণ, অপরিশোধিত চিনি, ডাল রয়েছে। গত ৭ মে মধ্যরাতে নৌ-ধর্মঘট শুরুর সময় জাহাজের সংখ্যা ছিল ১৬টি। বেতন-কাঠামো পুনর্নির্ধারণের দাবি মেনে না নেওয়ায় নৌযান শ্রমিক ফেডারেশন এ ধর্মঘটের ডাক দেয়। লাইটার জাহাজ পরিচালনাকারী সংস্থা ডব্লিউটিসিসি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার কর্ণফুলীর ১৫ নম্বর ঘাটের আশপাশে ১৫টি পণ্যভর্তি এবং ৪৫টি খালি লাইটার জাহাজ দাঁড়িয়ে ছিল। একটি জাহাজও বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাসের জন্য যায়নি।