প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলে বাসচালক আনোয়ারুল হককে হাতকড়া পরিয়ে গুলি করার ঘটনায় জড়িত পুলিশ সদস্যকে অবিলম্বে অপসারণ করে শাস্তিমূলক ব্যবস্থা ও গুলিবিদ্ধ চালকের সুচিকিৎসা নিশ্চিত করা না হলে ২১ জুলাই জেলাব্যাপী ২৪ ঘণ্টার পরিবহন ধর্মঘটের হুমকি দিয়েছে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। গত শুক্রবার সন্ধ্যায় সৈয়দপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া ঈদের পর বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে বলে ওই সংবাদ সম্মেলনে জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি আকতার হোসেন। উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আলতাব হোসেন, সাংগঠনিক সম্পাদক মমতাজ আলী, দপ্তর সম্পাদক এফাজ সরকার প্রমুখ।