ধর্মঘটের হুমকি ছাত্রশিবিরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুর কারমাইকেল কলেজের ছাত্রাবাসে আগের আসন বরাদ্দ বাতিল করে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত প্রত্যাহার এবং নেতা-কর্মীদের নামে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে ছাত্রশিবির। গতকাল শুক্রবার শিবিরের রংপুর মহানগর কমিটি জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানায়। অন্যথায় কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের হুমকি দিয়েছে তারা।কলেজ সূত্র জানায়, গত সোমবার (১৩ জুন) একাডেমিক কাউন্সিলের এক সভায় চারটি ছাত্রাবাসে আগের বরাদ্দ আসন বাতিল এবং মেধার ভিত্তিতে নতুন করে আসন বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়। কলেজের শিক্ষক পরিষদ এ সিদ্ধান্তকে স্বাগত জানায়।গত ১৫ মার্চ ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের জের ধরে চারটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রাবাসগুলোর মধ্যে তিনটি ছিল ছাত্রশিবিরের নিয়ন্ত্রণাধীন। ছাত্রাবাস বন্ধ থাকার পরও ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওসমানী ছাত্রাবাসের তালা ভেঙে লাঠিসোঁটা, রড, ইট, পাথর ও জিহাদি বই মজুদ করেন। কলেজ কর্তৃপক্ষের সহযোগিতায় পুলিশ ১ জুন এসব উদ্ধার করে। এ ঘটনার জের ধরে ৬ জুন অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। এ ব্যাপারে অধ্যক্ষ দীপকেন্দ্রনাথ দাস ছাত্রশিবির কলেজ শাখার সভাপতি হারুন-অর রশিদকে প্রধান আসামি করে ৫০ জনের নামে মামলা করেছেন। ৯ জুন জেলা ও মহানগর কমিটির ১৬ জন নেতা-কর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে জানান, উদ্ভূত পরিস্থিতিতে ইতিমধ্যে শিবিরের কয়েকজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করা হয়েছে।