
শহীদজননী জাহানারা ইমাম যে আন্দোলন শুরু করেছিলেন, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের বিচার হয়েছে। তবে যে যে আদর্শ ও চেতনায় মুক্তিযুদ্ধ হয়েছিল, রাষ্ট্রীয় যে চার নীতির ওপর ভিত্তি করে সংবিধান তৈরি হয়েছিল, তাতে পুরোপুরি ফেরত যাওয়া যায়নি। সময় এসেছে ধর্মনিরপেক্ষ ও মানবিক সমাজ গড়ার।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির রজতজয়ন্তী ও সপ্তম জাতীয় সম্মেলনে এই দাবি উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দুই দিনের এই সম্মেলন শুরু হয়েছে। গতকাল সকালে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এই সম্মেলনের উদ্বোধন করেন। দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রার পর বিকেলে মূল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, দেশ স্বাধীন হওয়ার পরই যুদ্ধাপরাধের বিচার শুরু হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু এবং তার রাজনৈতিক সহকর্মীদের নির্মমভাবে হত্যা করার পর এই বিচারপ্রক্রিয়া বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ২০০৯ সালে যুদ্ধাপরাধের বিচার পুনরায় শুরু করে। এ বিচার চলছে, যা আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছে।
রাষ্ট্রপতি আরও বলেন, সন্ত্রাসীদের কোনো ধর্ম নেই। সন্ত্রাসবাদই তাদের একমাত্র পরিচয় এবং তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এ জন্য অবশ্যই দীর্ঘদিনের অসাম্প্রদায়িক চেতনা এবং মানবিক মূল্যবোধকে লালন করতে হবে।
আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘২৫ বছর আগে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জাহানারা ইমাম যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন, আজ তা পূর্ণতা পেতে চলেছে। কারণ শেখ হাসিনার সরকার যুদ্ধাপরাধীদের বিচার করেছে। এই বিচার সম্পাদনের মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এটিও আইনের শাসনের প্রতিষ্ঠা। নির্মূল কমিটির হাত ধরে এই বিচার হয়েছে।’
শিরীন শারমিন বলেন, আজকে ধর্মনিরপেক্ষ মানবিক সমাজ গড়ার যে দাবি সেটা সংবিধানের মূল কথা। মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান স্পিকার।
এর আগে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর জিয়াউর রহমান আস্তাকুঁড় থেকে তুলে এনে রাজাকারদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন। জাহানারা ইমাম এই আন্দোলন শুরু করার পর রাজনৈতিক দলগুলো তাতে সমর্থন দিয়েছিল। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ জোট যুদ্ধাপরাধীদের বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল এবং বিচার করেছে। যুদ্ধাপরাধী যে দলেরই হোক বিচার হবে।
অনুষ্ঠানের সভাপতি সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, ‘পৃথিবীর খুব কম সংবিধানেই অঙ্গীকার আছে। বাংলাদেশের সংবিধানে সেটা ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যার পর সেগুলো পরিবর্তন করা হয়েছে। কিন্তু ২০১১ সালের ৩০ জুন আমরা আগের সংবিধানে ফিরে গেছি। মুক্তিযুদ্ধের যে আদর্শ সেটা জাতীয় জীবনে প্রতিষ্ঠিত করতে হবে।’
অনুষ্ঠানের আরেক আলোচক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম জামায়াতকে নিষিদ্ধের আহ্বান জানিয়ে বলেন, জামায়াতের সবকিছুকে চুরমার করে দিতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, মুক্তিযোদ্ধা আয়েশা খান, সাংবাদিক হারুন হাবিব, শাহীন রেজা নূর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুজহাত চৌধুরী।