ধর্মনিরপেক্ষ মানে যা ইচ্ছা তাই করা নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বিচারব্যবস্থা স্বাধীন ও বিচারকেরা স্বাধীনভাবে কাজ করছেন বলে মন্তব্য করে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, যারা অপরাধী, তাদের কখনো ছাড় দেওয়া হবে না।

হবিগঞ্জের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীশ্রী শচীঅঙ্গন ধামের ৩৬তম বার্ষিক উৎসব উপলক্ষে গতকাল বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধান বিচারপতি। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। দেশের সব ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্ম পালন করছেন।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেন, ধর্মনিরপেক্ষ মানে এই নয় যা ইচ্ছা তাই করা। সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে তিনি বলেন, বাদ্যযন্ত্র ব্যবহারে সতর্ক থাকতে হবে, যাতে অন্য ধর্মের লোকদের কাজে কোনো ব্যাঘাত সৃষ্টি না হয়।

প্রধান বিচারপতি নাসিরনগরের ঘটনার উল্লেখ করে বলেন, একটি পক্ষ হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছে। তবে প্রশাসন শক্ত হাতে দমন করায় তাদের ষড়যন্ত্র সফল হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, হয়রানিমূলকভাবে পুলিশ যাঁদের গ্রেপ্তার করেছে তাঁদের মধ্যে নিরপরাধ ব্যক্তিরা ঠিকই ছাড়া পাবেন, অপরাধীরা ছাড়া পাবে না, জামিনও পাবে না, বিচারে যা হওয়ার হবে।

শচীঅঙ্গন ধামের সভাপতি নিখিল চন্দ্রের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হবিগঞ্জ-১ আসনের সাংসদ এম এ মুনিম চৌধুরী, জেলা প্রশাসক সাবিনা আলম, পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বাহুবল উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল হাই প্রমুখ।

অনুষ্ঠানে কলকাতার অধ্যাপক সমরেশ দাশের লেখা শ্রীচৈতন্য পরিক্রমা গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধান বিচারপতি।