ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্য দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুধু বাংলাদেশে নয়, পুরো দক্ষিণ এশিয়ার প্রতিটি দেশে রাজনীতিতে ধর্মের ব্যবহার বাড়ছে। এই ব্যবহার কেবল সাম্প্রদায়িকতাকে উসকে দিচ্ছে না, বাধাগ্রস্ত করছে অগ্রগতিকে।

গতকাল শুক্রবার সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ধর্ম ও রাজনীতি: দক্ষিণ এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক গণবক্তৃতা ও সম্মেলনে উপমহাদেশের বিশিষ্ট ইতিহাসবিদ, রাজনীতিক ও মানবাধিকারকর্মীরা এসব কথা বলেন। ধর্মীয় উগ্রবাদ রুখতে দেশগুলোর ভেতর কেবল অসাম্প্রদায়িক শক্তির একতা নয়, আন্তদেশীয় ঐক্যেরও তাগিদ দেন তাঁরা।

বাংলাদেশ ইতিহাস সম্মিলনী রাজধানীর সিরডাপ মিলনায়তনে দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করে।

দিনের প্রতিটি অধিবেশনে বক্তারা এই উপমহাদেশের বৈচিত্র্যপূর্ণ ও বহুত্ববাদী সংস্কৃতি ধরে রাখতে উগ্র ধর্মান্ধ শক্তিকে রোখার প্রয়োজনীয়তার কথা বলেন। উদ্বোধনী অধিবেশনে মূল আলোচক দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইতিহাসবিদ মশিরুল হাসান বলেন, এই বহুত্ববাদী সমাজে ধর্মনিরপেক্ষতার কোনো বিকল্প নেই। তিনি বলেন, ভারত ধর্মনিরপেক্ষ সংবিধান প্রণয়ন করেছে, কিন্তু সমাজ এখনো ধর্মনিরপেক্ষ হয়ে উঠতে পারেনি। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক শক্তি অনেক ক্ষেত্রে সেখানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাও পাচ্ছে।

ধর্মীয় উগ্রবাদিতার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার কারণ প্রসঙ্গে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, রাষ্ট্র অসাম্য বজায় রাখতে চায় বলেই এখানে ধর্মকে ব্যবহার করা হয়। দিনের একটি অধিবেশনে সভাপতির ভাষণে তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা গরিব মানুষের বিরুদ্ধে এক ষড়যন্ত্র। এ দেশের ধনীরা সাধারণ প্রাথমিক বিদ্যালয় স্থাপন না করে মাদ্রাসা স্থাপন করেন। এই বিনিয়োগ সস্তা ও জনপ্রিয়। তবে ধনীরা নিজের সন্তানদের শিক্ষা দেন আধুনিক শিক্ষাকেন্দ্রে।

প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ সৃষ্টি হলেও পঁচাত্তরের ১৫ আগস্টের পর এ দেশে ধর্মীয় মৌলবাদের বিস্তার শুরু হয়। মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্তদের যে বিচার শুরু হয়েছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে তা একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করেন গওহর রিজভী।

ধর্মের রাজনৈতিক ব্যবহারে সমাজ ছাড়াও দেশের অগ্রগতি নষ্ট হয়—এ কথা উল্লেখ করে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর আহ্বায়ক অধ্যাপক মুনতাসীর মামুন বলেন, পৃথিবীতে যেসব দেশ উন্নতি করেছে, তারা তাদের গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করেছে সবার আগে। তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িকতার কুপ্রভাব সম্পর্কে জানানোর উদ্যোগ নেওয়া জরুরি বলে মত প্রকাশ করেন এই ইতিহাসবিদ।

সকালে উদ্বোধনী অধিবেশনে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘আমাদের তিন হাজার বছরের সংস্কৃতি হলো ধর্মীয় সহাবস্থানের সংস্কৃতি। এই ধারাবাহিকতা রক্ষা করতে বাংলাদেশ স্বাধীন হওয়ার মাত্র এক বছর পরের সংবিধানে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের চার মূলনীতির অন্যতম ভিত্তি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত স্বাধীনতার ২৯ বছর পর ১৯৭৬ সালে সংবিধান সংশোধন করে ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্রের আদর্শ হিসেবে গ্রহণ করে।’

অধিবেশনের বিশেষ অতিথি সাংসদ রাশেদ খান মেনন সাম্প্রদায়িকতাকে রুখতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের আহ্বান জানান। তিনি বলেন, ধর্মকে রাজনীতি থেকে পৃথক করতেই হবে।

লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির বলেন, এ দেশে জামায়াতে ইসলামীর রাজনীতি করার কোনো অধিকার নেই। 

দিনের একটি অধিবেশনে লাহোরের বিকন হাউস ন্যাশনাল ইউনিভার্সিটির স্কুল অব এডুকেশনের ডিন তারিক রহমান মানুষের নামকরণ নিয়ে তাঁর এক গবেষণার সূত্র ধরে বলেন, পাকিস্তানে আরবি নাম রাখার প্রবণতা ব্যাপক বেড়েছে। শুধু মুসলিমরাই নয়, প্রায় ৯০ শতাংশ খ্রিষ্টান নামকরণে মুসলিম প্রভাব লক্ষ করা যায়। সেখানকার হিন্দুদের মধ্যেও ইসলামি ধাঁচের নামকরণের প্রবণতা রয়েছে। 

ধর্মীয় উগ্রবাদ রুখতে সামাজিক উদ্যোগ গ্রহণ করার তাগিদ দেন শ্রীলঙ্কার গবেষক জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের হোমল্যান্ড সিকিউরিটি পলিসি ইনস্টিটিউটের সদস্য রোহন গুণারত্নে। তিনি বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে অবশ্যই নিষিদ্ধ করা দরকার। সাপের বাচ্চাকে বাড়তে দেওয়া উচিত নয়।

দিনের বিভিন্ন অধিবেশনে আলোচনা করেন ভারতের রিয়াজ পাঞ্জাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল প্রমুখ।