চট্টগ্রামে আয়োজিত জামায়াতের সমাবেশে দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামী ভারতকে বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবেন বলে আগের সব বক্তা বলেছিলেন। তবে নিজামী কোনো কর্মসূচি ঘোষণা না করে কেবল ভারতের সঙ্গে করা ট্রানজিট চুক্তি বাতিলের দাবি জানান।‘চট্টগ্রাম বন্দর ভারতের হাতে তুলে দেওয়া এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের ষড়যন্ত্রের প্রতিবাদে’ গতকাল মঙ্গলবার চট্টগ্রামের লালদীঘি মাঠে জনসভার আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর শাখা।সমাবেশে নিজামী সংবিধানের পঞ্চম সংশোধনী বাতিলের বিরোধিতা করে বলেন, আদালতের কাঁধে বন্দুক রেখে এ দেশের মানুষকে ধর্মনিরপেক্ষ রাজনীতি চাপিয়ে দেবেন না। তিনি ধর্মনিরপেক্ষতার ব্যাখ্যা দিয়ে বলেন, এ সংশোধনী বাতিলের মাধ্যমে ধর্মনিরপেক্ষতা চালু করা হলে তা হবে এ দেশের মানুষের ঈমানের ওপর আঘাত করার শামিল।জামায়াতের আমির বলেন, ভারত সফর শেষে প্রধানমন্ত্রী জয়ী হয়েছেন দাবি করলেও তিনি জিততে পারেননি। প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে কূটনৈতিক যুদ্ধে হেরে গেছেন। সফরসঙ্গী হিসেবে তিনি যাঁদের নিয়েছিলেন, তাঁদের কূটনৈতিক যোগ্যতা ছিল না, তাঁরা কেবল স্বাক্ষর করেছেন। বাংলাদেশের জন্য ক্ষতিকর কোনো কিছু টিপাইমুখে করবে না বলে ভারত সরকার প্রধানমন্ত্রীকে মিষ্টি আশ্বাস দিয়েছে। বাস্তবে টিপাইমুখের ক্ষতি বাংলাদেশের জন্য আণবিক বোমার চেয়েও ভয়াবহ হবে।চট্টগ্রামে ছাত্রশিবিরের মেস থেকে সাতটি অস্ত্রসহ শিবিরের ১১ জন নেতা-কর্মীকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশকে উদ্দেশ করে মুজাহিদ বলেন, চট্টগ্রামে নবম শ্রেণীর ছাত্রকে অস্ত্র দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়েছেন, তাতে বোঝা যায়, চাকরি বাঁচাতে আপনাদের (পুলিশের) নাটক সাজাতে হয়েছে। তবে যেসব পুলিশ এই দলীয় দায়িত্ব পালন করেছে, তাদের জীবন সুখের হবে না।জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ শামসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তৃতা করেন জামায়াতের নায়েবে আমির আবদুস সোবহান, দেলোয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামরুজ্জামান ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন।জনসভায় আসা শিবিরের শত শত কর্মী বেতের লাঠিতে জামায়াতের বিভিন্ন পোস্টার লাগিয়ে জনসভার প্রবেশমুখে পাহারা দেন। এ ছাড়া সভাস্থলের ডান পাশে সাংবাদিকদের জন্য রাখা টেবিলের নিচে বস্তাভর্তি ইটের টুকরো রাখা হয়।