ধর্মপালে ফলাফল প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলন
নীলফামারীর জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পরাজিত প্রার্থী মশিউর রহমান নিজেকে বিজয়ী দাবি করে ফলাফল প্রত্যাখ্যান করেছেন। গত বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
পঞ্চম ধাপে গত ২৮ মে ওই ইউপিতে নির্বাচন হয়।
ধর্মপাল ইউনিয়নের দক্ষিণ পাইটকাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সংবাদ সম্মেলন হয়। এ সময় মশিউর রহমান বলেন, ‘ইউনিয়নের নয়টি কেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তাদের দেওয়া ফলাফলের ভিত্তিতে প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থীর চেয়ে আমি ৬৩ ভোটে এগিয়ে আছি। কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাকে বিজয়ী ঘোষণা না করে চশমা প্রতীকের প্রার্থী জামিয়ার রহমানকে বিজয়ী ঘোষণা করেন। কারচুপির মাধ্যমে আমার ফলাফল পরিবর্তন করা হয়েছে। প্রয়োজনে আমি আইনের আশ্রয় নেব।’
এ বিষয়ে ওই ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান বলেন, প্রিসাইডিং কর্মকর্তাদের পাঠানো ফলাফলে বিজয়ী হয়েছেন জামিয়ার রহমান।