
গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশব্যাপী সব ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে ও জঙ্গিবাদ প্রতিরোধে গতকাল মঙ্গলবার পাঁচ জেলায় সভা ও সমাবেশ হয়েছে। এর মধ্যে নড়াইলে সমাবেশে বক্তারা ধর্মবর্ণ–নির্বিশেষে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা মোকাবিলার আহ্বান জানিয়েছেন।
প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: ‘সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে রুখে দাঁড়াও বাংলাদেশ’—স্লোগান সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোট শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। মিছিলটি বেলা ১১টায় শহরের প্রজন্ম চত্বর থেকে বের হয়ে আদালত চত্বরে শেষ হয়। সেখানে সমাবেশে সভাপতিত্ব করেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুণ্ডু। বক্তব্য দেন সরকারি ভিক্টোরিয়া কলেজের উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাস, সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মান্নান, সিটি কলেজের অধ্যক্ষ মনির মল্লিক, ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোহম্মদ আনোয়ার হোসেন, শাহাবাদ মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ খিজির আহম্মেদ জাফরি প্রমুখ।
বক্তারা বলেন, ধর্মবর্ণ–নির্বিশেষে সন্ত্রাস-জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ফরিদপুর: সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় কবি জসীমউদ্দীন হল মিলনায়তনে ‘সন্ত্রাস জঙ্গিবাদ প্রতিরোধে ইসলাম’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে জেলা প্রশাসক সরদার সরাফত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ। এ ছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সদস্য খন্দকার গোলাম মওলা নকশেবন্দী, পুলিশ সুপার জামিল হাসান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন, জাতীয় খতিব কাউন্সিলের সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আনিসুজ্জামান সিকদার, ফরিদপুর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক শেখ আকরামুল হক প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘বর্তমানে দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। এ সময় ঐক্য ও প্রতিরোধই আমাদের রক্ষাকবচ হতে পারে।’
এদিকে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে জঙ্গিবাদবিরোধী মানববন্ধন হয়। এতে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা অংশ নেন।
শরীয়তপুর: জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে গতকাল অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন। বক্তব্য দেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান খান, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আবদুস সামাদ তালুকদার, জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মির্জা হযরত আলী প্রমুখ।
কুষ্টিয়া: বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের একাংশের আহ্বায়ক কমিটির উদ্যোগে শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশ করে। এতে বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য দেন সহ-উপাচার্য শাহিনুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রহমান প্রমুখ। বক্তারা গুলশান ও শোলাকিয়ায় জঙ্গি হামলাসহ দেশব্যাপী সব সন্ত্রাসী কর্মকাণ্ডের নিন্দা ও প্রতিবাদ জানান এবং এ ক্যাম্পাসের সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
পটুয়াখালী: সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে পটুয়াখালীতে ভাড়াটে নিবন্ধন ফরম-সংক্রান্ত এক মতবিনিময় সভা করেছে পুলিশ। বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে বাড়িওয়ালা, ভাড়াটে ও গণ্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহণে এ সভা হয়। এতে পুলিশ সুপার সৈয়দ মোসফিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, পৌর মেয়র মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. তারিকুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।