ধর্মব্যবসায়ীদের চাপে নারী নীতি পরিবর্তন করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়োজন হলে নারীরাই নারীনীতির পরিবর্তন আনবেন। ধর্মব্যবসায়ীদের চাপে এ নীতির পরিবর্তন করা যাবে না। নারীনীতি বাস্তবায়নে দ্রুত কর্মকৌশল প্রণয়ন ও বাজেট বরাদ্দ দিতে হবে।গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে ৬৭টি নারী, মানবাধিকার ও সামাজিক সংগঠনের জাতীয় মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটি আয়োজিত গণসমাবেশে বক্তারা এসব কথা বলেন। সমাবেশে সভাপতির বক্তব্যে বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম বলেন, ‘অনেক চড়াই-উতরাই পার করে নারীনীতি পেয়েছি। ৫০ বছর ধরে নারী ও পুরুষের সম-অধিকারের আন্দোলন করছি। নীতিতে সে অধিকারের কথাই লেখা আছে।’গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী বলেন, ‘নারীনীতি পাওয়ার পর এখন তা বাস্তবায়নে আবার নতুন করে আন্দোলন করতে হচ্ছে। নারীরা শিক্ষায় পুরুষের সমান হয়ে যাচ্ছেন—বিষয়টি একটি গোষ্ঠীর চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। তারাই নারীনীতি, শিক্ষানীতি নিয়ে বিরোধিতা করছে।’কর্মজীবী নারীর সভাপতি শিরিন আখতার বলেন, ‘নারী কাজ করছেন আর তাঁর আয় তুলে দিতে হচ্ছে স্বামীর হাতে। নারীনীতিতে এ সম্পদ রক্ষা করার কথা বলা হয়েছে। নীতিতে এর বেশি কিছু বলা হয়নি। তার পরও আমিনী সাহেবদের মাথা গরম হয়ে গেছে।’সমাবেশে নারী উন্নয়ন নীতির বিভিন্ন ধারার ব্যাখ্যা দিয়ে বক্তব্য দেন জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মমতাজ বেগম, উইমেন ফর উইমেনের মাহমুদা ইসলাম, প্রিপট্রাস্টের এ্যারোমা দত্ত, স্টেপস্ টুয়ার্ডস ডেভেলপমেন্টের রঞ্জন কর্মকার, বাংলাদেশ আদিবাসী ফোরামের সঞ্জীব দ্রং প্রমুখ।